দাম কমায় জ্বালানি তেলের আকস্মিক সংকট
নিজস্ব প্রতিবেদক : সরকারের দাম কমানোর আগাম ঘোষণায় নগরের পেট্রোলিয়ামের বাজারে দেখা দিয়েছে আকস্মিক সংকট। রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানিগুলোর হিসেবের খাতায়ও চলছে অসি’রতা। নগরের ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পে জ্বালানি তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন চালক ও গাড়ি মালিকরা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি জানায়, গত সপ্তাহে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাম কমানোর ঘোষণা দেয়ায় হঠাৎ করে জ্বালানি তেলের বিক্রি নেমে গেছে অর্ধেকে।

গতকাল বিকেল ৫ টার পর সিএনজি ফুয়েলিং স্টেশন বন্ধ হলেও নগরের বেশকিছু পাম্পে অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রি হতে দেখা যায়নি। নগরে বেশ কিছু পেট্রোল পাম্প এক থেকে দুই ঘণ্টা বন্ধ ছিল। এসময় তেল নিতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন চালকেরা। সংশ্লিষ্টরা বলেছেন, চাহিদার তুলনায় সরবরাহ না থাকায়, কয়েক ঘণ্টার জন্য পাম্প বন্ধ রাখা হয়েছে। যেকোনো সময় আসতে পারে তেলের দাম কমার ঘোষণা। এ কারণে দুই-একদিনে পুরনো দামে তেল কিনে লোকসান গুনতে চাচ্ছেন না পাম্প মালিকরা।
বিপিসি সূত্র বলছে, গত শুক্র ও শনিবার বিক্রির জন্য পাম্প মালিকরা তেল কিনেছে আগের দিন বুধ ও বৃহস্পতিবার। কিন’ এ দুই দিনের
তেল বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বিপিসির হিসেব অনুযায়ী, গত ২ এপ্রিল অকটেন বিক্রি হয়েছে ৩৩২ টন, ৩ এপ্রিল ৩৮৩ টন, ৪ এপ্রিল ৫৫০ টন, ৫ এপ্রিল ৩১১ টন, ৬ এপ্রিল ২৫৫ টন, সামনের দুইদিন বন্ধের দিন থাকায় ৭ এপ্রিল অকটেন বিক্রি হয়েছে ৪৫০ টন। একইভাবে ২ এপ্রিল ডিজেল বিক্রি হয়েছে, ৬ হাজার ৮০ টন, ৩ এপ্রিল ১০ হাজার ৮০২ টন, ৪ এপ্রিল ১০ হাজার ১৫৩ টন, ৫ এপ্রিল ৬ হাজার ৩৬৩ টন, ৬ এপ্রিল ৫ হাজার ৯৬৩ টন, ৭ এপ্রিল ৫ হাজার ৮৮২ টন।
গত ২ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৬ দিনে বিক্রি হওয়া অকটেন ও ডিজেল এর হিসেব বিশ্লেষণ করে দেখা যায়, গত ৪ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ৭ থেকে ১০ দিনের মধ্যে তেলের দাম কমার ঘোষণা দেয়ার পর প্রভাব পড়েছে বাজারে। প্রতিমন্ত্রী ঘোষণা দেয়ার দিন (৪ এপ্রিল) বিপিসি অকটেন বিক্রি করেছে ৫৫০ টন। পরের দিন ৫ এপ্রিল বিক্রি করেছে ৩১১ টন। একদিনের ব্যবধানে অকটেন বিক্রি কমেছে ২৪১ টন। একইভাবে ৪ এপ্রিল বিপিসি ডিজেল বিক্রি করেছে ১০ হাজার ১৫৩ টন। পরের দিন (৫ এপ্রিল) বিক্রি করেছে ৬ হাজার ৩৬৩ টন। একদিনের ব্যবধানে ডিজেল বিক্রি কমেছে ৩ হাজার ৭৯০ টন।
গতকাল সকালে সরেজমিন ঘুরে নগরের গণি বেকারি এলাকায় কিউ সি ট্রেডিং লিমিটেডসহ একাধিক পেট্রোল পাম্প বন্ধ পাওয়া যায়। এসময় গাড়ির তেল নিতে এসে ভোগান্তিতে পড়েন চালকেরা। অক্মিজেন থেকে আন্দরকিল্লা আসার পথে চকবাজার মোড়ে মোটরসাইকেলের তেল ফুরিয়ে যায় মো. ফরিদের। টেনে টেনে সোয়া দশটায় গাড়িটি নিয়ে কিউ সি ট্রেডিং এ হাজির হয় ফরিদ। কিন’ প্রতিষ্ঠানে তালা দেখে তো তার নাভিশ্বাস অবস’া। এক ঘন্টা অপেক্ষার পর প্রতিষ্ঠান খুললে মোটরসাইকেলে তেল ভরেন ফরিদ। এসময় তিনি বলেন, ‘আমি কিউ সি থেকে তেল কিনি। এক ঘন্টা অপেক্ষার পর গাড়িতে তেল ভরেছি। কষ্টের সীমা ছিল না।’
এক ঘণ্টা বন্ধ থাকার কারণ জিজ্ঞেস করলে কিউ সি ট্রেডিং লিমিটেডের ব্যবস’াপক আশরাফ উদ্দিন সিদ্দিকী সুপ্রভাতকে জানান, এ প্রতিষ্ঠানে দৈনিক ৮ থেকে ১০ হাজার লিটার তেল বিক্রি হয়। মজুদ ফুরিয়ে যাওয়ায় এক ঘন্টার জন্য তাদের প্রতিষ্ঠান বন্ধ ছিল। আশরাফ উদ্দিন সিদ্দিকী বলেন, ‘কিছু দিনের মধ্যে তেলের দাম কমাবে, সরকার থেকে এমন ঘোষণা আসার পর আমরা অতিরিক্ত কোনো তেল মজুদ করছি না। দিনেরটা দিনে এনে বিক্রি করছি। কারণ এ মুহূর্তে তেল মজুদ করে লোকসানের ঝুঁকি নিতে চাইবে না কোনো পেট্রোল পাম্প মালিক।’
গতকাল সকালে হাটহাজারী সড়কের নতুন পাড়া বিআরটিসি ফিলিং স্টেশন, ইসলাম ফিলিং স্টেশন, হাজি অ্যান্ড সন্স ফিলিং স্টেশন, ষোলশহর বাদশা মিয়া ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। তবে কোনো কোনোটি এক থেকে দুইঘন্টা বন্ধ থাকার পর আবার তেল বিক্রি শুরু করে বলে জানা গেছে। বাদশা মিয়া ফিলিং স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, তেলের দাম কমার আগ মুহূর্তে লোকসানের ঝুঁকি নিতে চাচ্ছে না কর্তৃপক্ষ। তাই দিনের চাহিদা মাফিক তেল এনে বিক্রি করা হচ্ছে। বিক্রি শেষ হলে অল্প সময়ের জন্য হয়তো বন্ধ রাখতে হচ্ছে প্রতিষ্ঠান।
পেট্রোল পাম্প ডিলার ওনার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এহছানুল হক চৌধুরী জানান, সরকার যেকোন সময় তেলের দাম কমানোর ঘোষণা দিতে পারে। এ কারণে পুরনো দামে তেল কিনে লোকসানের ঝুঁকি নিতে চাচ্ছেন না পাম্প মালিকরা।











