আখাউড়ড়ায় ফেনসিডিল ও ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আনোয়ারা বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার দিবাগত রাতে উপজেলার খড়মপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আনোয়ারা উপজেলার মুর্শিদপাড়া মহল্লার কামাল মিয়ার স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল আখাউড়া উপজেলার খড়মপুর-বাইপাস এলাকায় একটি অটোরিকশায় অভিযান চালায়। এ সময় আনোয়ারার কাছ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ আড়াই লাখ টাকাও উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক আনোয়ারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা করে আসছিল। তার স্বামী এবং ছেলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।











