নবীনগরে পুলিশের হাত থেকে ফিল্মী ষ্টাইলে আসামী ছিনতাই, দুই পুলিশসহ আহত ৩, গ্রেফতার ৪
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পুলিশের হাত থেকে ফিল্মী ষ্টাইলে আসামী ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আসামী পক্ষের লোকজনদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন (৩০) ও মোঃ জাকির হোসেন (৩৭)কে গুরুতর হয়।
জানা যায়, গেছে, উপজেলার পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের কুখ্যাত সন্ত্রাসী খুন, ডাকাতি, ছিনতাই, মাদক ও অস্ত্র চালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের মামলার আসামী মোঃ কাজল মিয়া সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টের আসামী ধরতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ভোলাচং নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় কাজলের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ফিল্মী ষ্টাইলে পুলিশের উপর সাড়াশি আক্রমন চালায়। প্রতিহত করতে গিয়ে ওই দুই কর্মকর্তা গুরুতর আহত হলে ওই সন্ত্রাসী বাহিনী কাজলকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর ওই সন্ত্রাসীরা শ্রীরামপুর গ্রামের রাবেয়া হত্যা মামলার স্বাক্ষী মোঃ মজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তাকেও এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে প্রেরন করে। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানায়, আহত পুলিশের একজনের দুই হাত ও আরেকজনের হাতের আঙ্গুল ভাংগাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল সকালে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে জাকির হোসেন, অনিক হোসেন, দুলাল মিয়া, ও পারুল বেগম।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেন, পিছনদিক থেকে সন্ত্রাসীরা আচমকা আক্রমন চালায়। এ ঘটনায় ৪জন কে গ্রেফতার করা হয়েছে। কাজলসহ অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।











