পান্তা-ইলিশ নিষিদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ে!
নিজস্ব প্রতিবেদক : এবার পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পান্তা-ইলিশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হাকিম। আজ বুধবার দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে বর্ষবরণ আয়োজনের নানা দিক তুলে ধরে তিনি বলেন, বাঙালির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে কোথাও পান্তা-ইলিশের মিল আছে বলে জানা নেই আমাদের। গ্রামের মানুষ রাতে ভাত থেকে গেলে তা পানি দিয়ে ভিজিয়ে রাখতো, যাতে নষ্টা না হয়। আর পরের দিন সকালে তা খেতো কিন্তু এটা প্রতিদিন হতো না।
আবার গ্রামের মানুষ কি প্রতিদিন ইলিশ মাছ কিনে খেতে পারছে? বা নববর্ষের দিনে তারা কি ইলিশ মাছ খাচ্ছে?-প্রশ্ন করেন উপাচার্য।নববর্ষের এ সময়টি হচ্ছে রূপালী ইলিশের প্রজনন মৌসুম। এ সময়ে পহেলা বৈশাখ উদযাপনে রূপালি ইলিশ খাওয়া মানে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা। কাজেই নববর্ষ উদযাপনে পান্তা-ইলিশ ছাড়া সব ধরনের আয়োজনই থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, যোগ করেন উপাচার্য।
তিনি আরো বলেন, বাঙালির এতিহ্য ও বাংলা নববর্ষ উদযাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মেলায় ১৮টি স্টল থাকছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ছাড়াও বাইরের যে কেউ স্টল ভাড়া নিতে পারবে। তবে এজন্য তাকে ন্যূনতম একটি ফি অর্থাৎ টোকেন মানি দিতে হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তরে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হাকিম বলেন, চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতে জুনের মধ্যে শিক্ষার্থী উঠিয়ে দেওয়ার কার্যক্রম শুরু হবে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক ২২ ফেব্রুয়ারিকে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহাবুব হাসান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) মো. শফিউল আলম প্রমুখ।











