তনু হত্যা : সেনানিবাসের পিয়ালকে জিজ্ঞাসাবাদ সিআইডির
নিউজ ডেস্ক : কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় আবারও পিয়াল ওরফে পিআরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের তদন্ত বিভাগ সিআইডি। সেনানিবাস এলাকায় তনুকে ওই যুবক উত্ত্যক্ত করতো বলে অভিযোগ উঠেছে। তার আগে তদন্ত সংশ্লিষ্টরা তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছিল।
রবিবার দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটন করতে গতকাল সেনানিবাস এলাকা পরিদর্শন করেছেন সিআইডি, ডিবি ও পিআইবি’র তদন্তকারী দল।
এসময় পিয়াল ওরফে পিআর নামে ওই যুবককে সেনানিবাস থেকে সিআইডি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে আবার ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বোর্ডে রাত ৯টা পর্যন্ত ক্যান্টনমেন্টের ভেতরের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত সহায়ক দলের প্রধান সিআইডির সিনিয়র পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের নেতৃত্বাধীন টিমের কর্মকর্তারা।
এছাড়াও পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিআইবি) রবিবার সকালে তনুর মা, বাবা, ভাই ও চাচাতো বোনকে জিজ্ঞাসাবাদ করেছে।
এদিকে, ভিসেরা পরীক্ষার আংশিক রিপোর্ট পেয়েছে সিআইডি। সূত্রমতে, ওই রিপোর্ট অনুসারে তনুকে হত্যার আগে বিষপান করানোর কোনো আলামত পাওয়া যায়নি। এদিকে চাঞ্চল্যকর তনু হত্যাকাণ্ডের বিচার হবে কি-না এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার পিতা ইয়ার হোসেন ও বড়ভাই নাজমুল হোসেন। তারা মনে করেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এই হত্যার বিচার হবে না।
তনু হত্যার বিচার চেয়ে ইয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডের ১০-১২ দিন অতিবাহিত হয়ে গেছে কিছুই হয়নি। কোনো ক্লু বের হয়নি। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক। তার হস্তক্ষেপ ছাড়া সম্ভব না।
তিনি বলেন, আমি কম লেখাপড়া করছি। এতো বুঝি না। আপনারা জ্ঞানী, শিক্ষিত মানুষ। মেয়ে তো ক্যান্টনমেন্টের বাইরে মরে নাই। কুমিল্লা শহরে মরে নাই। ভেতরে মরছে। আমি কারও নাম বলি না। কারা মেরেছে আমি জানি না। আল্লাহ দেখছে।
তনুর ভাই নাজমুল জানান, তার বোনকে কেউ উত্ত্যক্ত করতো এটা জানতেন না তারা। তবে চাচাতো বোন লাইজুর কাছে প্রায় দেড়-দু’মাস আগে তনু জানিয়েছিলেন পিয়াল তাকে উত্ত্যক্ত করে।
হত্যাকাণ্ডের পর পর ডিবি তাকে জিজ্ঞাসাবাদ করেছিলো। এ বিষয়ে ডিবি’র কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, তাকে প্রথম জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়াল আড্ডা দিতেন তনুদের বাসার পাশে কালভার্টে।
সেনানিবাসেই থাকেন পিয়াল। তনুর পিতা ইয়ার হোসেন বলেন, তনু ছিলো চাপা স্বভাবের, কারও কাছে কিছু বলতো না। বিশেষ কাজ ছাড়া কারও বাসায় বেড়াতে যেতো না।
ক্যান্টনমেন্টেই বড় হয়েছে। ক্যান্টনমেন্ট ছিলো তনুর নিজের বাড়ির মতো, নিরাপদ এলাকা। এই এলাকায় কখনও আমার মেয়ে অনিরাপদ তা কল্পনাও করিনি। সে ভিক্টোরিয়ায় লেখাপড়া করতো। বাইরে যেতে হতো। দুশ্চিন্তা করতাম বাইরে কোনো সমস্যা হয় কি-না।
তিনি বলেন, তনু সেনাকল্যাণে কম্পিউটার শিখেছে। নাচ, গান ও নৃত্য শিখেছে স্কুল থেকেই। সেনানিবাসে অনুষ্ঠান হলে তাতে অংশগ্রহণ করতো। গাড়ি পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হতো।
তনুর লাশ উদ্ধার হওয়ার কিছুক্ষণ আগে ওই স্থানে দেখা তিন যুবক প্রসঙ্গে তিনি বলেন, তিন যুবক দ্রুত কালভার্ট এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলো। ডিবি বা সিআইডি কেউ শনাক্ত করতে পারেনি তাদের। হত্যাকাণ্ডের দিন টিউশনি করতে যাওয়ার সময় মা আনোয়ারাকে সঙ্গে যেতে না করেন তনু।
এদিকে, রবিবার বিকালে ভিসেরা রিপোর্ট পেয়েছেন সিআইডির তদন্ত কর্মকর্তা ও মেডিকেল কর্তৃপক্ষ। ভিসেরা রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বিষপানের কোনো আলামত পাওয়া যায়নি। কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা ভিসেরা রিপোর্ট পাওয়ার সত্যতা স্বীকার করেন।
খুঁজে পাওয়া যাচ্ছে না তনুর ছোট ভাইয়ের বন্ধুকে
কুমিল্লার সোহাগী জাহান তনুর ছোট ভাই আনোয়ার হোসেনের (রুবেল) বন্ধু মিজানুর রহমান এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা। পরিবার বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কিছু লোক গত ২৭ মার্চ রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়ণসার গ্রামের বাড়ি থেকে মিজানুরকে তুলে নিয়ে গেছে। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি।
মিজানুরের মা সাহিদা আক্তার ও তাঁর বড় বোন খালেদা আক্তার গতকাল শনিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে এসে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান। তাঁরা বলেন, পরিবারের পক্ষ থেকে ৩০ মার্চ এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডিতে বলা হয়, ২৭ মার্চ রাত একটায় সাদাপোশাকধারী লোক তিনটি মাইক্রোবাস নিয়ে এসে মিজানুর রহমানের (সোহাগ) বাড়িতে তল্লাশি চালায়। এ সময় মিজানুর রহমানকে নিয়ে চলে যায়। পরদিন পরিবারের সদস্যরা র্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে খোঁজ নিয়ে তাঁর অবস্থান জানা যায়নি।
মিজানুরের বোন খালেদা আক্তার সাংবাদিকদের বলেন, ‘তনু হত্যার পর টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিল রুবেল (তনুর ছোট ভাই)। ওই সময়ে টেলিভিশন দেখে সোহাগ (মিজানুর রহমান) বলছিল, আমার বন্ধু রুবেল, ওর বোনই তনু। এরপর রুবেলের ফোনে তিনবার কল দেয় সে।’
খালেদা আক্তারের ধারণা, তনুর ভাইকে ফোন দেওয়ার কারণেই মিজানুরকে তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা ভাইয়ের অবস্থান জানতে চাই।’
এই বিষয়ে জানতে চাইলে তনু হত্যা মামলার তদন্ত-তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার নাজমুল করিম খান বলেন, মিজানুর রহমান নামে কাউকে আটক করা বা তুলে আনা-সম্পর্কিত কোনো তথ্য তাঁদের কাছে নেই। তাঁরা কাউকে আটক করেননি।











