‘বিদ্যুতের দাম কমছে না,ফার্নেস তেলের দাম কমলেও’
নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘ফার্নেস তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কমছে না বিদ্যুতের দাম।’মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানায় পণ্য উৎপাদন ও জাহাজ চালাতে ফার্নেস অয়েল লাগে। ফার্নেস অয়েলের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।’ কেরোসিন, ডিজেল ও পেট্রোলসহ অন্যান্য জ্বালানির দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
ফার্নেস অয়েলের দাম কমলে বিদ্যুতের দাম কমবে কি না- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আপাতত বিদ্যুতের দাম কমানোর কোনো সিদ্ধান্ত নেই। বরং ফার্নেস অয়েলের দাম কমানোর পর উন্নয়নকাজ শুরু হলে বিদ্যুতের দাম কমানোর সুযোগ থাকবে না। সে ক্ষেত্রে আরো বাড়তে পারে।বিদ্যুতের দাম কমানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে জ্বালানি খাতে বিশাল ভর্তুকি দিতে হয়। এর পরিমাণ পাঁচ থেকে সাত হাজার কোটি টাকা। এটি সমন্বয় করতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে।’
নসরুল হামিদ বলেন, ‘সরকার জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যের বিষয়টি দেখতে হয়। একই সঙ্গে বাড়ছে জনগণের ক্রয়ক্ষমতা। সবাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চায়। আর তা করতে হলে বিদ্যুৎকেন্দ্রের উন্নয়ন ও নতুন কেন্দ্র স্থাপন করতে হবে।’নতুন গ্যাস-সংযোগ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘লাইনের গ্যাস বাদ দিয়ে এলপিজি সরবরাহ করা হবে। এ ক্ষেত্রে ব্রেক ইভেন্টে আসার পর গ্যাসের দাম কমানো যায় কি না বিবেচনা করা হবে।’











