রিজার্ভের টাকা লোপাট পরিকল্পিতভাবে সুইফট পদ্ধতি দুর্বল করা হয়
নিজস্ব প্রতিবেদক : রিজার্ভে গচ্ছিত টাকা লোপাট করা হয় অত্যন্ত পরিকল্পিত উপায়ে। বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তাদের সঙ্গে বিদেশের প্রতারকচক্র মিলে এ কাজ করেছে। ব্যাংকের অভ্যন্তরে প্রায় এক বছর আগে সুইফট পদ্ধতি দুর্বল করে রাখা হয়।
এ কারণে টাকা চুরি করতে আন্তর্জাতিক ওই জালিয়াতচক্রের তেমন বেগ পেতে হয়নি। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র একথা জানিয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিকে ফেডারেল ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ৮ শ’ কোটি টাকা হাতিয়ে নেয় সংঘবদ্ধচক্র।

সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) পরিকল্পিতভাবে দুর্বল করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তি বিভাগে অতিরিক্ত লোক নিয়োগ এবং সুইফট কম্পিউটারের সঙ্গে আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) সংযোগ দিয়ে হ্যাকিং ক্ষেত্র তৈরি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করার জন্যই এ কাজ করা হয়। এর সঙ্গে ব্যাংকের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে। তারাই গত এক বছরে সুইফট ধীরে ধীরে দুর্বল করেন। সুইফট ব্যবহারের ক্ষেত্রে যেসব নিয়ম মানার কথা তা মানা হয়নি। এছাড়া সুইফটের সঙ্গে স্থানীয় সার্ভারের সংযোগ দেয়ার মাধ্যমে একে আরও দুর্বল করা হয়।
সুইফট হচ্ছে একটি অতি উচ্চমাত্রায় দ্রুতগতির বার্তা বাহক। এর মাধ্যমে অন্য কোনো সংযোগ দেয়া যাবে না এমনই শর্ত থাকে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সুইফট সার্ভারের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্থানীয় সার্ভার আরটিজিএসের (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) সংযোগ দেয়। স্থানীয় সার্ভার ব্যবহার করে ব্যাংকগুলো যাতে আন্তর্জাতিক লেনদেন করতে পারে সেজন্যই এ উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু দুর্বলতার সুযোগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের একটি চক্র ওই জালিয়াতির একটি ক্ষেত্র তৈরি করে। ডিলিং রুম ও সুইফট সিস্টেমস শাখার লোকজনই ইচ্ছা করে এগুলো করে রাখে।
অন্যদিকে সুইফট কেন্দ্রীয় ব্যাংক ডিলিং রুমের ফ্রন্ট ও ব্যাংক অফিস আলাদা করেছে। আগে এগুলো একই বিভাগে ছিল। তারা আইটি বিভাগে দু’জন কর্মকর্তাকেও নিয়োগ দেয়। এদের ব্যাপারে তথ্য নিতে ইতোমধ্যে খোঁজখবর শুরু হয়েছে। সিআইডির পাশাপাশি সরকারের গোয়েন্দা সংস্থা ও পুলিশ এ ঘটনার ছায়া তদন্ত করছে।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, চুরির সঙ্গে যে ব্যাংকের কেউ জড়িত তা অনেকটা নিশ্চিত। তবে কে জড়িত সেটাই এখন নিশ্চিত করা যাচ্ছে না। প্রযুক্তিগত, ফরেনসিক, ম্যানুয়ালি এবং জিজ্ঞাসাবাদে যে ধরনের তথ্য আসছে তাতে ওই ব্যক্তিকে সহজেই শনাক্ত করা সম্ভব হবে। তবে সোমবার পর্যন্ত তাকে শনাক্ত করা যায়নি। অনেকগুলো কম্পিউটার থেকে নানা তথ্য বা ডকুমেন্ট নেয়া হয়েছে। অনেক মুছে ফেলা ফাইলও রিকভার করা হয়েছে। ডিলিং রুম ও সুইফট শাখায় এসব কম্পিউটার রয়েছে। এদের মধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সিআইডির এক কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, বাংলাদেশ ব্যাংকেরসহ এ ঘটনার সঙ্গে ফিলিপাইনসহ বিশ্বের কয়েকটি দেশের অপরাধী জড়িত। তারা এ দেশীয় চক্রের সঙ্গে সমন্বয় করে টাকা লুটের পরিকল্পনা করে। দেশগুলোও ইতোমধ্যেই জানা গেছে। আগে এদেশের তদন্তশেষ হোক। পরে প্রয়োজনে ওইসব দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ফেব্রুয়ারির শুরু দিকে ঘটনা ঘটলেও তা ব্যাংককে জানানো হয়। কিন্তু তারপরও ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে ব্যাংকেরই কিছু অসাধু কর্মকর্তা। সন্দেহভাজন ওই সব ব্যক্তিদের সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। মতিঝিল থানায় দায়ের করা মামলায় এ রকম সন্দেহভাজন ২০ জনের তালিকা করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও জানান, এটি একটি জটিল মামলা। কেননা বাংলাদেশে এ ধরনের ঘটনা এই প্রথম। এ কারণে তদন্ত করতে গিয়ে অনেক কিছু সামনে আনা হচ্ছে। নিজেদের লোকবলের পাশপাশি বাইরের তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞেরও সাহায্য নেওয়া হচ্ছে। এদেশের তদন্ত প্রায় শেষ হলেও বাইরে দেশগুলো তদন্তে সহায়তা করছে না। বিশেষ করে যেসব দেশে টাকা পাচার হয়েছে তাদের কাছ থেকে সঠিক সময় তথ্য পাওয়া যাচ্ছে না। এ কারণে তদন্তে জটিলতা দেখা দিতে পারে।
সোমবার সন্ধ্যায় এ ব্যাপারে কথা হয় সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুলাøাহেল বাকীর সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, এখন তদন্ত চলছে। আরও কিছু তথ্য-উপাত্তের প্রয়োজন রয়েছে। যা সংগ্রহে কাজ চলছে। সেক্ষেত্রে এ ঘটনার একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। সে অনুযায়ী আদালতে চার্জশিটও দেয়া হবে। তবে সেজন্য অপেক্ষা করতে হবে।
ঘটনা ফেব্রুয়ারির প্রথম দিকে ঘটলেও ২৯ ফেব্রুয়ারি ফিলিপিন্সের পত্রিকা ইনকোয়ারারের এক প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় এক বিলিয়ন ডলার হাতিয়ে নিতে চেয়েছিল হ্যাকাররা। এ প্রচেষ্টায় দুই ধাপে প্রায় ১০১ মিলিয়ন ডলার লোপাট করলেও ৮৭০ মিলিয়ন ডলার পাচারে ব্যর্থ হয় তারা। সুইফট মেসেজিং সিস্টেমে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করা অর্থ ফিলিপিন্স ও শ্রীলংকার ব্যাংকে স্থানান্তরিত হয়। এর মধ্যে ফিলিপিন্সের অ্যাকাউন্টে নেয়া ৮ কোটি ডলার ক্যাসিনোর মাধ্যমে হংকংয়ে পাচার করা হয়েছে।











