বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীই পুনঃনিবন্ধন করলেন সাড়ে ৩ মাস পর

222নিউজ ডেস্ক : বায়োমেট্রিক  বা আঙুলের ছাপ পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন ও পুনঃনিবন্ধন কার্যক্রম শুরুর সাড়ে তিন মাস পর ব্যক্তিগত সিম পুনঃনিবন্ধন করলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। যদিও এ নিয়ে নিরাপত্তা প্রশ্নে সাধারণ নাগরিকদের মধ্যে এখনো বিতর্ক চলছে। বিষয়টি আদালতেও বিচারাধীন রয়েছে।

রোববার ফার্মগেট গ্রামীণফোন সেন্টারে পরিচয় গোপন রেখে ব্যক্তিগত সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন করেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি আঁচল দিয়ে মুখ ঢেকে প্রায় ২০ মিনিট লাইনে অপেক্ষমাণ অন্য গ্রাহকদের সঙ্গে দাঁড়ান। তবে নিবন্ধনের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রীর পরিচয় জানতে পারে গ্রামীণফোনের কর্মীরা।

একই এলাকায় রাষ্ট্রয়াত্ত মোবাইল ফোন অপারেটর টেকিটকের গ্রাহক সেবা কেন্দ্রে তার অপর একটি সিম (এ সিমটি অফিসিয়াল) পুনঃনিবন্ধন করেন।

গত ১৬ ডিসেম্বর  থেকে মোবাইল ফোনের সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়।

পুনঃনিবন্ধন এরপর তারানা হালিম নিজের প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের বলেন, ‘কোন রকম ঝামেলা ছাড়াই সিম পুনঃ নিবন্ধন করলাম। গ্রহাকদের উৎসাহ-উদ্দীপনাটা দেখলাম। ভালো লাগল।’

আগামী ৩০ এপ্রিলের মধ্যে সিম পুনঃ নিবন্ধন শেষ করা যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তারানা হালিম বলেন, ‘এ সময়ের পর সিম কিছু সময় বন্ধ রেখে বার্তা পৌঁছে দেব যে আপনার সিমটি নিবন্ধিত হয়নি। পরে বন্ধ করে দেব। ’

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই বিষয়ে উচ্চ আদালতের রিটের ফলে গ্রাহকদের উৎসাহ ভাটা পড়ছে কি না জানতে চাইলে তারান বলেন, ‘নাগরিকদের আঙুলের ছাপ কোন ভাবেই সংরক্ষণ করা হচ্ছে না। এ কার্যক্রম সম্পর্কে বস্তুনিষ্ঠ ও তথ্যপ্রযুক্তি নির্ভর যুক্তি আদালতে উপস্থাপন করা হবে।’

সিম নিবন্ধনে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে নিয়ে মোবাইল ফোন অপারেটররা সেরকম প্রচারণা চালাচ্ছে না। ঠিক মতো প্রচার হলে প্রপাগান্ডা এতো প্রকট আকার ধারণ করতো না।’

তবে তিনি বলেন, ‘অপারেটররা বায়োমেট্রিক পদ্ধতি সফল করতে বিনিয়োগ করেছেন, কাজটা তারা লাভ ছাড়াই করছেন, তাদের বেশি চাপও দিতে দিতে পারছি না।’

এ সময় গ্রামীণফোন সেন্টারে এক সাধারণ গ্রাহক প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, রাজধানীতে সিম নিবন্ধনে অর্থ আদায় করা না হলেও মফস্বল এলাকায় টাকা নেওয়া হচ্ছে। তারানা হালিম বলেন, ‘ এ অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ইতিমধ্যে ৩০ জন রিটেইলারদের অনুমোদন বাতিল করা হয়েছে।’

কর্পোরেট মোবাইল সিম পুনঃনিবন্ধনে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে সাংবাদিকদের প্রশ্নে তারানা হালিম বলেন, ‘আমরা চাইছি ‘কর্পোরেট সিমগুলো পৃথক পৃথকভাবে নিবন্ধন করা হোক, যখন মালিকানা বদল করবেন তখন আবার নিবন্ধন করবে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিভাবে সিমটি যাচ্ছে এ বিষয়ে তাদের (কর্পোরেট প্রতিষ্ঠানের) একটি অ্যাগ্রিমেন্ট থাকবে ।’ বাংলামেইল