১০ পৌরসভার সব কটিতেই জয়ী আ.লীগ
নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ থামানোর চেষ্টা করছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে কবিরহাট মডেল হাইস্কুল কেন্দ্র থেকে তোলা ছবি l প্রথম আলোবিচ্ছিন্ন সংঘর্ষ, কয়েকটি জায়গায় কেন্দ্র দখল আর গোলাগুলির মধ্য দিয়ে গতকাল রোববার দেশের ১০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১০টি পৌরসভাতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন। ব্রাহ্মণবাড়িয়া, সোনাগাজী, কুমিল্লার নাঙ্গলকোট এবং ঝালকাঠিতে বিএনপির প্রার্থীরা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেন।

একাধিক জায়গায় আওয়ামী লীগের প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রায় সব কেন্দ্র দখলে নিয়ে ব্যালট পেপারে সিল মেরেছে।
নির্বাচনে বিজয়ীরা হলেন: ঝালকাঠিতে লিয়াকত আলী, ফরিদপুরের ভাঙ্গায় আবু ফয়েজ মো. রেজা তালুকদার, ঝিনাইদহের কালীগঞ্জে মকছেদ আলী বিশ্বাস, ফেনীর সোনাগাজীতে রফিকুল ইসলাম, কক্সবাজারের মহেশখালীতে মকছুদ মিয়া ও চকরিয়ায় আলমগীর চৌধুরী, কবিরহাটে জহিরুল হক, ব্রাহ্মণবাড়িয়ায় নায়ার কবির এবং নাঙ্গলকোটে মো. আবদুল মালেক।
গতকালের নির্বাচনে সবচেয়ে বড় সংঘর্ষ হয় কক্সবাজারের মহেশখালী পৌরসভায়। বিকেলে ঘোনাপাড়া ফোরকানিয়া মাদ্রাসায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মকছুদ মিয়া ও বিদ্রোহী প্রার্থী সরওয়ার আজমের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, দুই ঘণ্টা ধরে সংঘর্ষ ও গোলাগুলিতে ১২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন।
ফেনীর সোনাগাজী পৌরসভায় কেন্দ্র দখল, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জামাল উদ্দিন ওরফে সেন্টু। তিনি নির্বাচন বর্জন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাগাজী পৌরসভায় শনিবার রাত থেকেই বিভিন্ন এলাকায় ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটে। সকালেও ভোটকেন্দ্রের আশপাশে থেমে থেমে ককটেল বিস্ফোরণ ও গুলির আওয়াজ শোনা যায়। সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি পরিদর্শন করে বিএনপি প্রার্থীর কোন এজেন্ট পাওয়া যায়নি।
নোয়াখালীর কবিরহাট পৌরসভায় কেন্দ্র দখলের চেষ্টা, প্রকাশ্যে সিল মারা এবং ব্যালট পেপার ছিনতাইয়ের মতো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারা ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন প্রিসাইডিং কর্মকর্তা। নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ওরফে মঞ্জু।
জোর করে ব্যালটে সিল মারা এবং কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে। বিএনপির মেয়র পদপ্রার্থী নুরুল ইসলাম হায়দার অভিযোগ করেন, ১৮ কেন্দ্রের মধ্যে ১৫টিতেই আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা ব্যালটে জোর করে সিল মেরেছেন। তবে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী দাবি করেন, পরাজয় জেনে বিএনপির প্রার্থী আবোলতাবোল কথা বলছেন।
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার বেশিরভাগ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ব্যাজধারী ছাড়া অন্য দলের কাউকে দেখা যায়নি। অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম।
ককটেল বিস্ফোরণ, ভোটকেন্দ্র সাময়িক স্থগিত এবং বিএনপির প্রার্থীর বর্জন—এসবের মধ্য দিয়েই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক অনিয়মের অভিযোগ এনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা নির্বাচন বর্জন করেন। এ অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে।
জাল ভোটসহ নানা অনিয়মের ঘটনা ঘটে ঝালকাঠি পৌরসভায়ও। সকাল সাড়ে নয়টার দিকে ২ নম্বর ওয়ার্ডের সিটি কিন্ডারগার্টেন কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র আফজাল হোসেন রানার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনিসহ পাঁচজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা এই হামলা চালান বলে আফজাল অভিযোগ করেন। তবে আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত আলী তালুকদার তা অস্বীকার করেন।
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ, ফরিদপুরের ভাঙ্গা এবং ঝিনাইদহের কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।











