বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজার্ভ চুরির ঘটনায় সন্দেহের তালিকায় রয়েছে অর্থমন্ত্রী : সুরঞ্জিত

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সন্দেহের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। অর্থমন্ত্রী এ অর্থ কেলেঙ্কারির দায় এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

2016_03_17_17_47_13_VWfE8id4Q70AzaCIYRW6kd67e2HOtL_original

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘হোয়েন ইউ হোল্ডিং দ্য রিসপনসিবল পজিশন, ইউ মাস্ট পিক আউট রিসপনসিবলিটি। ইউ মাস্ট মিন ইট। ইউ মাস্ট টেক দ্য রিসপনসিবলিটি। দিস ইজ নট ব্লাডি ফান, দিস ইজ পাবলিক মানি। এটা আপনার টাকা না। এটা আপনার-আমার বাবার টাকা না। এটা জনগণের অর্থ’।

 

 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অর্থ বিভাগের সংশ্লিষ্ঠদের অবহেলা রয়েছে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ফিন্যান্সিয়াল যে ডিপার্টম্যান্ট আছে, সেখানে প্রত্যেকের যে দায়িত্ব আছে যদি যথাযথভাবে পালন করা হতো। বারবার এই মিসেভগুলো হত না।’সুরঞ্জিত অর্থমন্ত্রী গণমাধ্যমে কথা বলা নিয়ে কটাক্ষ করে বলেন, ‘কখনো ইংরেজিতে কয়, বাংলা কয়। কি যে কয় বোঝার উপায় নাই। এ সমস্ত জাতীয় বিষয়, রাষ্ট্রীয় বিষয়, হালকা করে দেখার কোনো সুযোগ নাই।’

 

তিনি আরো বলেন, ‘সব কাজ করবেন শেখ হাসিনা। আর আমরা ইংরেজি কমু, প্রেসের সঙ্গে কথা কমু। কী কয় রাবিশ-খবিশ। এগুলো কোনো কথা হলো?’বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় খাতের অর্থে হাত পড়েছে। এ বিষয়ে আরও দায়িত্ব নিয়ে গুরুত্বের সঙ্গে, সে যেই হোক কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, আমি আরও স্পষ্ট করে বলতে চাই- অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যেকটি মানুষ।’

 

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার চুরির পর প্রায় দেড় মাস বিষয়টি গোপন রাখে বাংলাদেশ ব্যাংক। পরে ফিলিপাইন মিডিয়ায় এ সম্পর্কিত সংবাদ প্রকাশিত হলে তা ছড়িয়ে পড়ে বাংলাদেশ মিডিয়ায়ও। এ ঘটনায় বেশ বিব্রতকর অবস্থার মুখোমুখি হয় সরকার। অবশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হয়।দেশের মিডিয়ায় এ বিষয়ে সংবাদ আসার চারদিন পর মতিঝিল থানায় মামলা করে বাংলাদেশ ব্যাংক। আর সেই মামলার তদন্ত করছে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টও (সিআইডি)।