বাঞ্ছারামপুরের বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় পোস্টার লাগাতে বাধা, ছাত্রদল কর্মীকে বেদরক মারধর
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপি সহ-সভাপতি মো. হানিফের বিরুদ্ধে দলীয় প্রার্থীর পোস্টার লাগাতে বাধা ও ছাত্রদল কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মধ্যপাড়ায় এঘটনা ঘটে। এ ঘটনায় ফরদাবাদ ইউনিয়নের বিএনপির মনোনীত প্রার্থী মো. সালাউদ্দিন বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে একটি অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বিএনপির মনোনীত প্রার্থী মো. সালাউদ্দিনের ধানের শীষের প্রতীকের পোস্টার লাগানোর সময় ফরদাবাদ মধ্যপাড়ায় গতকাল রোববার দুপুর আড়াইটার সময় একই গ্রামের উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ফরদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হানিফ দলীয় পোস্টার লাগাতে বাধা প্রদান করে এবং ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম, মোস্তফা, মাসুদকে ব্যাপক মারধর করে থেতলে দিয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
এবিষয়ে মো. আরিফুল ইসলাম জানান, ‘দুপুরে আমি আলিয়া মাদ্রাসার সামনে রসি দিয়ে ধানের শীষ প্রতীকের পোস্টার লাগাতে যাই। এসময় বিএনপির নেতা হানিফ চেয়ারম্যান আমাকে পোস্টার লাগাতে নিষেধ করে। আমি কারণ জানতে চাইলে আমাকে গালিগালাজ ও কিল-ঘুষি দিয়ে একপর্যায়ে অনেক মারধর করে। আমার মই ও পোস্টার রেখে দেয়। আমাকে লোকজন উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যায়।’
এবিষয়ে ফরদাবাদ ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মো. সালাউদ্দিন জানান, ‘সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হানিফ নির্বাচনের শুরু থেকেই আওয়ামী লীগ প্রার্থী সেলিম সাহেবের পক্ষে সরাসরি কাজ করছে। আজ (রবিবার) দুপুরে আমার কয়েকজন কর্মী ফরদাবাদ মধ্যপাড়ায় পোস্টার লাগাতে গেলে মো. হানিফ আমার কর্মী সমর্থককে মারধর করে পোস্টার ও মই ছিনিয়ে নেয়।’
এবিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হানিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আজ দুপুরে (রোববার) কয়েকজন ছাত্রদল কর্মী আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিম সাহেবের বাড়ির সামনে পোস্টার লাগানোর সময় আমি তাদের নিষেধ করি। কারণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজ সাহেব এই রাস্তা দিয়ে যাবেন তিনি বিএনপির পোস্টার দেখলে মাইন্ড করতে পারেন। তাই আমাদের দলের ছেলেদেরকে ধমক দিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছি।’
এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম.এ খালেকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘হানিফ চেয়ারম্যান দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছেন। আজ বিএনপির প্রার্থীর পোস্টার লাগাতে গেলে কয়েকজন কর্মীকে মারধর করে পোস্টার রেখে দেয়। তার বিষয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিব।’
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব প্রাপ্ত ফরদাবাদ ইউনিয়ন সৌমেন বিশ্বাস ছন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ফরদাবাদ ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাউদ্দিন তার পোস্টার লাগানোর সময় তার কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে বলে আমার লিখিত অভিযোগ রয়েছে। বিষয়টি আমি তদন্তের করে ব্যবস্থা নিব।’











