মালয়েশিয়ায় এখন শুধুই উৎকণ্ঠা
শামীম সরকার,মালয়েশিয়া : উৎকণ্ঠা ও উদ্বিগ্নতায় দিন কাটাচ্ছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।বৈধ-অবৈধ মিলিয়ে এখানে রয়েছে ৫/৬ লাখ বাংলাদেশি।এসব বাংলাদেশিরা এখন এক রকম অভিভাবকহীন অবস্থায আছেন। সব বাংলাদেশি এক প্রকার ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছেন।অভিবাবকহীন বোধ করছেন প্রবাসী বাংলাদেশিরা।গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অবৈধ শ্রমিকদের বৈধতা দেয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া চলছে নাকি বন্ধ করে দেয়া হয়েছে, তার সঠিক তথ্য জানতে পারছেন না প্রবাসীরা।অবৈধদের বৈধতা দেয়ার খবরে সবাই যখন উৎফুল্ল তখনই মালয়েশিয়ান পুলিশ হঠাৎ শুরু করেছেন চারিদিকে ধড়পাকড়। প্রতিদিন বিভিন্ন রকম খবর বেরুচ্ছে। কোনটা পারমিট দেওয়ার খবর, কোনটা ধরপাকড়ের খবর।
বাংলাদেশিদের নিয়ে মালয়েশিয়ার পত্রিকা গুলো প্রতিদিন একাধিক খবর প্রকাশ করছেন।এর কোনটা খারাপ,কোনটা ভালো।অবৈধদের বৈধতা দেওয়ার কথা থাকলেও তা আদৌও হচ্ছে-কী হচ্ছে না, তা নিয়ে ভীষণ চিন্তায় প্রবাসীরা।প্রতিদিনই অসংখ্য প্রবাসী একজন আরেকজনকে ফোন করে কিংবা এসএমএসে পারমিটের খবর জানতে চাচ্ছেন।কিন্তু, সঠিক খবর নেই কারো কাছে।
কারন, মালয়েশিয়ার সরকার আজ বলে এক কথা,কাল বলছে অন্য কথা; তাদের কোন কথাটি সঠিক তা বুঝা মুশকিল। এ ব্যাপারে উদ্বিগ্ন প্রবাসীদের জন্য কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশনের কোন দিক-নির্দেশনাও চোখ পড়ছে না। স্যোশাল মিডিয়ার যুগে হাই-কমিশন চাইলে প্রবাসীদের জন্য তাদের যে কোন পরামর্শ খুব সহজেই সবাইকে জানিয়ে দিতে পারেন ফেসবুক পেইজের মাধ্যমে। কিন্তু, এ পর্যন্ত সে রকম কোন পরামর্শ না-পেয়ে প্রবাসীরা ভয়ের মধ্যে দিনযাপন করছেন।
মালয়েশিয়ান সরকারের হিসাব মতে মালয়েশিয়ায় বাংলাদেশি বৈধ শ্রমিকের সংখ্যা ২,৮২,২৮৭জন।পাশাপাশি আনুমানিক সমান সংখ্যক অবৈধ বাংলাদেশি শ্রমিকও রয়েছে।সব মিলয়ে প্রায় পাঁচ/ছয় লাখ বাংলাদেশি সবাই উদ্বিগ্নতায় আছেন।অবৈধ যারা আছেন তারা আবার বৈধদের কারো ভাই,বন্ধু, আত্মীয় বা পাড়া-প্রতিবেশি।তাই বৈধ-অবৈধ সবাই উৎকণ্ঠায় আছেন।আবার পুলিশি অভিযানে অনেক সময় বৈধদেরও ধরে নিয়ে যায়।মালয়েশিয়ায় অনেকের বৈধ ভিসা থাকলেও অভিযানে ভিন্ন বসের কাজে পেলে সমস্যা হয়।মালয়েশিয়ায় বৈধ বাংলাদেশিদের বিরাট একটি অংশ যে মালিকের নামে ভিসা তাঁর কাজ করে না।করে অন্য মালিকের কাজ।এ রকম ভিসার মালিক গুলো আসলে ঠিক মালিক না।উনারা এজেন্ট।ওরা শ্রমিকের অন্যত্র কাজ করার মৌখিক অনুমতি দিলেও লিখিত অনুমতি দেয় না বলে মানুষ কষ্টের টাকায় ভিসা করেও সমস্যায় পড়ে।
কুয়ালালামপুরে কয়েকজন প্রবাসী বলেন, বাংলাদেশ হাই-কমিশনের উচিত স্যোশাল মিডিয়ার মাধ্যমে উদ্বিগ্ন-উৎকণ্ঠায় থাকা বাংলাদেশিদের কাছে সঠিক খবর বা পরামর্শ পৌঁছে দেওয়া।আর মালয়েশিয়ার সরকারের সাথে অতি সত্বর আলোচনা করা দরকার যাতে বাংলাদেশিদের অযথা হয়রানি না-করেন।











