রাজশাহীতে শিশু নির্যাতন : অভিযুক্ত সেনা ও পুলিশ সদস্য (ভিডিও)
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবায় ঘরের মধ্যে রশি দিয়ে বেঁধে কয়েকজন লোক দুই কিশোরকে পেটানোর দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে। চুরির অপবাদ দিয়েই ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। আহত দুই কিশোরের মধ্যে জাহিদ হাসানকে পবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আর আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়েছে ইমন।
তবে ঘটনাটি ধামাচাপা দিতে নির্যাতনকারীরা উঠে-পড়ে লাগায় চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।
ভিডিওতে দেখা যায়, অন্ধকার একটি কামরায় দুই শিশুকে চেপে ধরে আছে কয়েকজন। বাকীরা মোটা লাঠি দিয়ে তাদের পায়ের তলায় প্রচণ্ড বেগে আঘাত করে চলেছে, আর কিছু একটার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে।
এক মিনিটের ভিডিওটি থেকে নির্যাতনের শিকার শিশু দুটির করুণ আর্ত চিৎকার ভেসে আসছিল।আর শোনা যাচ্ছিল নির্যাতনকারীদের হুমকি। শিশু দুটির হাত ছিল বাঁধা। চেহারায় ছিল স্পষ্ট আতংকের চিহ্ন।
ভিডিওতে যাদেরকে মারতে দেখা গেছে তাদের একজন সেনাবাহিনীর সদস্য এবং আরেকজন পুলিশের সদস্য বলেও অভিযোগ উঠেছে।
চৌবাড়িয়া গ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগে গতকাল বিকেল তিনটের সময় একটি ঘরে শিশু দুটিকে আটকে রেখে নির্যাতন করা হয় বলে জানাচ্ছেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।পুলিশ বলছে শিশু দুটির বয়েস তের বছর।
অভিযুক্তদের দুজন সেনাবাহিনী ও পুলিশের সদস্য হওয়ার অভিযোগ প্রসঙ্গে ইসলাম বলছেন, “আমি এ সম্পর্কে মৌখিকভাবে শুনেছি। তারা দুজন ছুটিতে বাড়িতে এসেছিলেন। দুজনেরই বাড়ি ওই এলাকায়। এ নিয়ে আমরা তদন্ত করছি।”এ ঘটনায় গতকালই পবা থানায় তের জনকে অভিযুক্ত করে একটি মামলা হয়েছে। ভিডিওটিও জব্দ করেছে পুলিশ।
সাম্প্রতিক বেশ কয়েকটি শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত বছরের জুলাই মাসে সিলেটে রাজন নামে এক শিশুকে চুরির অপবাদে খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করবার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
ওই ঘটনার ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচার করা হয়। গত বছর নভেম্বর মাসেই চার জন আসামীকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
https://youtu.be/dNR4YFDZ234











