সরাইলে মৎস্যজীবী সমিতির সম্পাদকের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল উপজেলার কালীকচ্ছ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাসের (৪৫) বিরুদ্ধে সমিতির সাড়ে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে সমিতির সভাপতিসহ ৩৫ জন সদস্য জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আত্মসাতকারীর বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে জেলা সমবায় কর্মকর্তা। অভিযোগ সূত্র জানায়, সরাইল উপজেলার বিল মোড়লগজাড়িয়া কুড়ি জলাশয়ে যৌথভাবে মৎস্য শিকারের জন্য তিন বছর আগে পাঁচ বছরের জন্য চুক্তি করেন কালীকচ্ছ মৎস্যজীবী সমবায় সমিতি ও ধর্মতীর্থ মৎস্যজীবী সমবায় সমিতি। জলমাহালটি পাঁচ বছরের জন্য ইজারা নিয়ে তাঁরা তিন বছর ধরে যৌথভাবে মৎস্য শিকার করে আসছেন। গত তিন বছরের লভাংশ হিসেবে পরিমল দাস গত দুই ডিসেম্বর ধর্মতীর্থ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক দুর্গাচরন দাসের নিকট থেকে সাড়ে ছয় লাখ টাকা গ্রহণ করেন। এসময় উভয় সমিতির লোকজনের উপস্থিতিতে তিনশত টাকার নন জুডিশিয়ার স্ট্যাম্পের মাধ্যমে ওই টাকা গ্রহণের চুক্তিপত্রও হয়। পরবর্তীতে পরিমল দাস ওই টাকা আত্মসাতের উদ্দেশ্য নিজ জিম্মায় রেখে দেন। কালীকচ্ছ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নেপাল দাস (৫৫) অভিযোগ করে বলেন,‘পরিমল দাস সমিতির সাড়ে ছয় লাখ আত্মসাত করার জন্য চেষ্টা করছেন। আমরা সব ট্যাহা ফেরত চাই, নইলে মামলা দিমু।’ পরিমল দাস সাড়ে ছয় লাখ টাকা নিজ জিম্মায় নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি ধর্মতীর্থ মৎস্যজীবী সমবায় সমিতির সাথে যে চুক্তি করেছিলাম তা ছিল আমার ব্যক্তিগত চুক্তি। এটি কালীকচ্ছ মৎস্যজীবী সমবায় সমিতির চুক্তি ছিল না। কিন্তু টাকা পরিশোধের সময় দুর্গাচরণ দাস আমার সাথে প্রতারণা করেছেন।’ ধর্মতীর্থ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক দুর্গাচরণ দাস বলেন,‘পরিমল দাস সমিতির পক্ষ থেকেই টাকা নিয়েছেন।’ জেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরিমলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











