৩ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন সচিবদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : তিন দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের সচিবরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির (বাপসা) জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার ১০০টি ইউনিয়নের সচিবরা অংশগ্রহণ করেন।
জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির যুগ্ম সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, সদস্য সুমন পারভেজ, আবু জামাল, আবু সাঈদ, ফরিদ আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েও আমরা সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি। তাই ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন করে ১০ গ্রেড বেতন স্কেল কর্মকর্তার মর্যাদা, বেতন-বোনাস, পেনশনসহ অন্যান্য ভাতা ও যাবতীয় অর্থ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা এবং সকল উন্নয়নমূলক প্রকল্পের নথিপত্র ও বিল ভাউচারে ইউপি সচিবদের সাক্ষরসহ তদারকি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। পরে মানবন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।











