শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে যক্ষ্মা রোগী আক্কাস আলী এখন ব্যবসা করছেন

ডেস্ক রিপোর্ট (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : আক্কাস আলীর বাড়িতে যখন খবর এলো যক্ষ্মা হয়েছে, নিজের একান্ত ভালবাসার মানুষটিও আর কাছে আসে না। বিছানাপত্র, থালা বাটি-গ্লাস সব কিছু আলাদা। চিকিৎসা নিয়ে ভাল হওয়ার পর এখন তিনি ব্যবসা করছেন, হাল ধরেছেন সংসারের।

জয়পুরহাট পৌরসভার আদর্শপাড়ার মৃত নাজিম উদ্দিনের বড় ছেলে আক্কাস আলী (৬২)। বছর দুই আগে কাশি থেকে পরীক্ষার মাধ্যমে পাওয়া যায় যক্ষ্মার জীবাণু। দিন দিন অসুস্থতা বেড়ে যায়। এক সময় বিছানা থেকে উঠতে পারছিলেন না। সহায়-সম্বলহীন আক্কাস আলী প্রতিবেশী পল্লী চিকিৎসক গোলাম মস্তোফার সঙ্গে পরামর্শ করলে খবর পান সদর উপজেলা হাসপাতালে ব্র্যাক পরিচালিত ডটস কর্ণারের। সেখানে বিনা পয়সায় পরীক্ষা শেষে যক্ষ্মার জীবাণু ধরা পড়লে শুরু হয় চিকিৎসা। আদর্শপাড়ার ব্র্যাকের স্বাস্থ্য সেবিকা লাইলী বেগম নিয়মিত ওষুধ খাওয়ানো তদারকি করেন। ওই এলাকার প্রোগ্রাম অর্গানাইজার সাইফুল ইসলামও নিয়মিত খোজ খবর রাখেন। ৯ মাস চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন আক্কাস আলী। এখন তিনি জয়পুরহাট সরকারি কলেজের পেছনে একটি ছোট দোকান করে হাল ধরেছেন সংসারের। আক্কাস আলীর স্ত্রী আকতার বানু বলেন,যক্ষ্মা রোগ ধরা পড়লে থাকার জায়গা, বিছানাপত্র, থালা বাটি সব কিছু আলাদা করা হলেও বর্তমানে আমরা এক সঙ্গে থাকি। যক্ষ্মা ভাল হওয়ার পর ব্যবহার্য জিনিসপত্র আগুন দিয়ে পুড়ে দিয়েছেন বলে জানান তিনি।
জয়পুরহাট জেলায় ২০০৩ সাল থেকে সরকারের সঙ্গে যৌথভাবে যক্ষ্মা নিয়ন্ত্রণে কাজ করছে ব্র্যাক। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় পরিচালিত জরিপে দেখা যায় জয়পুরহাট জেলায় যক্ষ্মা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ব্র্যাকের দেয়া তথ্যমতে, ২০১৩ সালে ১৩ হাজার ৯৬০ জনকে পরীক্ষা করে শনাক্ত হয় ১ হাজার ৪৪২ জন, ২০১৪ সালে ১৩ হাজার ৯৭০ জনকে পরীক্ষা করে শনাক্ত হয় ১ হাজার ৫৪৯ জন এবং ২০১৫ সালে ১৩ হাজার ৯৫৯ জনকে পরীক্ষা করে ১ হাজার ৬২১ জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে কফে জীবানু পাওয়া গেছে ২ হাজার ৬৮৩ জনের, কফ ছাড়া পাওয়া গেছে ১ হাজার ১৩২ জনের , শরীরের বিভিন্ন অঙ্গে পাওয়া গেছে ৭১৬ জনের এবং অন্যান্য রয়েছে ৮১ জন।

জয়পুরহাট জেলায় যক্ষ্মার আক্রান্ত রোগী ভাল হওয়ার শতকরা হার ৯১ ভাগ হলেও গত তিন বছরে ৯১ জন যক্ষ্মা রোগী মারা গেছেন।

ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী জয়পুরহাটের জেলা ব্যবস্থাপক সাখাওয়াত উল্লাহ মজুমদার বলেন, জেলার পাঁচ উপজেলা হাসপাতালে এবং জেলা আধুনিক হাসপাতালে ডটস কর্ণার স্থাপনের মাধ্যমে নিয়মিত পরীক্ষার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চলে অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে কফ সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে।

জেলার পাঁচবিবি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশী বলে জানান তিনি। ২০১৫ সালে ১১৬ জন যক্ষ্মা রোগীর জিন এক্সপার্ট পরীক্ষা করে ২ জন মাল্টি ড্রাগ রেজিষ্ট্রেন্স (এমডিআর) রোগী শনাক্ত হয়েছে। ব্র্যাকের তত্বাবধানে বর্তমানে ওই দু’জনের চিকিৎসা চলছে।

ডটস কর্ণার গুলোতে বিনামূল্যে পরীক্ষা করা হলেও এর বাইরে বিভিন্ন পরীক্ষার জন্য অসহায় ও সহায় সম্বলহীন রোগীদের গত দুই বছরে ২৭ লাখ ৯ হাজার ৩০৮ টাকা আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন হাওলাদার বলেন, জেলায় বর্তমানে যক্ষ্মা নিয়ন্ত্রণের হার ভাল। সূত্র : বাসস2016-01-23_4_629978