টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা
অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় মোট চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
মামলার এজাহারে তানভীর সুলতান মিয়ার পাশাপাশি তার ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনের নাম রয়েছে। তদন্তের স্বার্থে অপর এক আসামির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ওসি আতিকুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের অগ্রগতির পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ জনের মরদেহ উদ্ধার করেন।
উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি। পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।











