সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক : সরকারের সব কর্মকাণ্ডের বিরোধিতা না করে জনকল্যাণমূলক ও ইতিবাচক উদ্যোগে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে দেশের স্বার্থ বা জনস্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরোধিতা করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি জানান, বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও দলের এ অবস্থান তুলে ধরেছেন। দেশের মানুষের কল্যাণে কাজ করাকে দলটি অগ্রাধিকার দেয় উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সরকারের ইতিবাচক ও জনবান্ধব উদ্যোগে তাদের সমর্থন ও সহযোগিতা থাকবে। বিপরীতে জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে তারা জোরালোভাবে অবস্থান নেবেন।
বৈঠকে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন সমস্যা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে জামায়াতের মূল্যায়ন তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, একটি সরকারের পুরো মেয়াদ শেষ হওয়ার আগে চূড়ান্ত মূল্যায়ন করা কঠিন। তবে সাত মাসও মূল্যায়নের জন্য একেবারে কম সময় নয়। তার দাবি, এই সময়ের সার্বিক কার্যক্রম বিবেচনায় সরকার মোটাদাগে ব্যর্থ হয়েছে এবং আগের সরকারের পথ অনুসরণ করছে।
তবে দেশের স্বার্থে বর্তমান সরকার ব্যর্থ হোক—এমনটা জামায়াতে ইসলামী চায় না বলেও মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল।











