‘ছাত্রদলে ছাত্র নেই’ মন্তব্যের জবাব দিলেন নাছির
অনলাইন ডেস্ক :‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’—কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের এমন মন্তব্যের সমালোচনা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সালমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানান।
নাছির উদ্দিন বলেন, সালমান মুক্তাদিরের বক্তব্য তার নজরে এসেছে। ছাত্রদলে কোনো ছাত্র নেই—এমন মন্তব্য থেকে তার মনে হয়েছে, দেশের বর্তমান ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে সালমানের হয়তো পূর্ণাঙ্গ ধারণা নেই।
তিনি দাবি করেন, বর্তমানে দেশের দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম রয়েছে। এসব প্রতিষ্ঠানে সংগঠনটির নেতাকর্মীদের বড় অংশই নিয়মিত শিক্ষার্থী বলে উল্লেখ করেন তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংগঠনটির নিয়মিত শিক্ষার্থীরা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। অনেক শিক্ষার্থীকে ক্লাস ও পরীক্ষার হল থেকে আটক করে নির্যাতনের পর কারাগারে পাঠানো হয়েছে। এমনকি কারাগারে থেকেও অনেকে পরীক্ষায় অংশ নিয়েছেন বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, শিক্ষা ও রাজনৈতিক অধিকার রক্ষায় এসব শিক্ষার্থীর ত্যাগকে অস্বীকার করার সুযোগ নেই। সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের কয়েকজন নিয়মিত শিক্ষার্থী নিহত হয়েছেন বলে উল্লেখ করেন নাছির।
সালমান মুক্তাদিরকে সরাসরি ছাত্রদলের কার্যক্রম দেখার আহ্বান জানিয়ে নাছির বলেন, তিনি চাইলে দেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সংগঠনটির নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারেন। এতে ছাত্রদলে শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে তার ভুল ধারণা দূর হবে বলেও মন্তব্য করেন তিনি।











