ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ১০ মৃত্যু
অনলাইন ডেস্ক : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে মৃত্যুর এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বরিশালে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৮০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন, খুলনায় ৩০২ জন, ময়মনসিংহে ৯৬ জন, রাজশাহীতে ১৯৯ জন, রংপুরে ৭৫ জন এবং সিলেটে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ৯৬৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে। চলতি বছরে মৃত্যুর হিসাবে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৭ শতাংশ।











