চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক হওয়া উচিত অংশীদারত্বের: শি
অনলাইন ডেস্ক : চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে অংশীদারত্ব ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শি জিনপিং বলেন, দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে এবং পারস্পরিক স্বার্থও গভীরভাবে সম্পর্কিত। তাই দ্বিপক্ষীয় সম্পর্ককে স্থিতিশীল রাখতে সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
চীনা প্রেসিডেন্ট জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করতে চান তিনি। বাণিজ্য, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মতপার্থক্যগুলো নিয়ন্ত্রণে রেখে একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা দরকার। তার মতে, চীনের জাতীয় পুনরুত্থানের লক্ষ্য এবং ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ নীতিও পাশাপাশি এগিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, দুই দেশের একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্য উভয় পক্ষকে উপযুক্ত পথ খুঁজে বের করতে হবে। যৌথ প্রচেষ্টায় তার এই সফর ফলপ্রসূ হবে এবং দুই দেশের জনগণের পাশাপাশি বিশ্ব শান্তির জন্যও ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন শি জিনপিং। ওয়াশিংটনের মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পৌঁছানোর পর তাকে ও তার স্ত্রী পেং লিউয়ানকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরানসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিরোধ থাকায় শির এই সফরকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।











