এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
অনলাইন ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
আহসান হাবিব এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান লাভ করেন।
কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মবিষয়ক একাধিক আলোচিত তদন্ত পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’-এর বকেয়া কর আদায় কার্যক্রমেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।











