সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

news-image

অনলাইন ডেস্ক : দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও এ কর্মসূচি ভূমিকা রাখবে।

দুপুর ২টায় প্রধানমন্ত্রী একযোগে দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা।

শুরুতে কর্মসূচি সকাল ১০টায় আয়োজনের পরিকল্পনা থাকলেও বিশেষ কারণে তা পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জলবায়ু সচেতনতা বাড়াতে প্রতি বছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।