দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
অনলাইন ডেস্ক : সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে।
সারাদেশে প্রায় এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং প্রায় ৫০০ অস্থায়ী কেন্দ্র—যেমন বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফেরিঘাটে—এই কার্যক্রম চলছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এ কাজে যুক্ত রয়েছেন।
নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা গ্রহণের সুযোগ থাকবে। পাশাপাশি দুর্গম ১২ জেলার ৫৮টি উপজেলায় বাড়তি চার দিন বিশেষ কার্যক্রম চলবে।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।











