হাদি হত্যা মামলায় সিআইডিকে ১৭ দিনের সময়
অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে আরও ১৭ দিন সময় দিয়েছেন আদালত।
রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেশিতা ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে মামলাটির তদন্ত করছেন সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা।
শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলনের সময় আলোচনায় আসেন। পরে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। গত বছরের ১২ ডিসেম্বর গণসংযোগ চলাকালে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন তিনি।
প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে একই রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পর মামলায় হত্যা ধারাও যুক্ত করা হয়। প্রথমে থানা পুলিশ এবং পরে ডিবি মামলাটির তদন্ত করে।
চলতি বছরের ৬ জানুয়ারি ডিবি পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। তবে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে বাদী নারাজি আবেদন করলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেন।











