বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতপন্থী ১৮ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। দলটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল এ পদত্যাগকে ‘পলিটিক্যাল স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন।

বুধবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সরকার পরিবর্তনের পর আইন কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ করার একটি প্রচলিত রীতি রয়েছে। তবে যারা সম্প্রতি পদত্যাগ করেছেন, তারা নতুন সরকারের অধীনে চার মাস দায়িত্ব পালন করেছেন, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও গ্রহণ করেছেন।

তার মতে, দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর হঠাৎ পদত্যাগ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া অনাকাঙ্ক্ষিত। তিনি দাবি করেন, যদি তাদের সরকারের নীতির সঙ্গে মৌলিক দ্বিমত থাকত, তাহলে সরকার গঠনের পরপরই তারা পদত্যাগ করতেন।

বদরুদ্দোজা বাদল আরও বলেন, বিষয়টি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং এর পেছনে বিশেষ উদ্দেশ্য থাকতে পারে। তিনি অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত চার মাসে পদত্যাগকারী আইন কর্মকর্তারা সরকারের পক্ষে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন কি না, তা খতিয়ে দেখা উচিত।

তিনি আরও প্রশ্ন তোলেন, সরকারের সুবিধা ভোগ করার পর শেষ মুহূর্তে পদত্যাগ করে সরকারের বিরোধিতায় অবস্থান নেওয়া তাদের দায়িত্ব পালনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে কি না।

উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া এবং সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ পাস না করার প্রতিবাদে মঙ্গলবার রাষ্ট্রের ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেন। তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। এসব আইন কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।