প্রতারণার মামলায় আইনজীবীর ৪ দিনের রিমান্ড
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ও অ্যাটর্নি জেনারেলের মেয়ের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় আইনজীবী শফিক নজরুলকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, শফিক নজরুল ‘ল ডক্টর (LAW DOCTOR)’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিতভাবে পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচারণা চালানো হতো। অভিযোগ রয়েছে, বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য বিভিন্ন পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রকাশ করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে এমন প্রচারণার মাধ্যমে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তি এবং অর্থ লেনদেনের তথ্য উদঘাটনে রিমান্ড প্রয়োজন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পরীক্ষায় পাসের নিশ্চয়তা দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ জরুরি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে দাবি করেন, শফিক নজরুল কোনো প্রতারণার সঙ্গে জড়িত নন। তাদের বক্তব্য, তিনি শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশন প্রদান করতেন এবং অর্থ আত্মসাতের অভিযোগের কোনো ভিত্তি নেই।
আদালতের অনুমতি নিয়ে শফিক নজরুল নিজেও অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং কারও কাছ থেকে অর্থ নেওয়ার কোনো প্রমাণ নেই। তিনি দাবি করেন, পরীক্ষার আগে দেওয়া তার সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন পড়েছিল বলেই তিনি পরিচিতি পেয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ‘১০০টি এমসিকিউ পড়লেই নিশ্চিত পাস’—এ ধরনের বিজ্ঞাপন দিয়ে পরীক্ষার্থীদের আকৃষ্ট করা হতো। অভিযোগ রয়েছে, পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। এক ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, তার কাছ থেকে ধাপে ধাপে চার লাখ টাকার বেশি নেওয়া হয়েছিল। পরে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তিনি প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
সব পক্ষের বক্তব্য শুনে আদালত শফিক নজরুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।











