মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও কূটনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে। চীনের দালিয়ানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন জানান, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল চীনে পৌঁছেছে। সফরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি রয়েছেন। চীন সরকার প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানায় এবং রাষ্ট্রীয় মর্যাদায় হোটেলে নিয়ে যায়।

তিনি বলেন, মালয়েশিয়া সফরে স্বল্প সময়ের মধ্যেও প্রধানমন্ত্রী দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীনে এসে তিনি বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।

বর্তমানে দালিয়ানে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, প্রযুক্তি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা অংশ নিচ্ছেন।

মাহদী আমিন বলেন, সরকারপ্রধান হিসেবে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ। বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি, জলবায়ু সহনশীল উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করাই এ সফরের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে।

তিনি আরও জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জুইংগির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সেখানে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডেরও প্রশংসা করা হয়েছে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে তিনি আগামী পাঁচ বছরে নদী ও খাল পুনঃখনন, পানি ব্যবস্থাপনার উন্নয়ন, ব্যাপক বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্য তুলে ধরেন।

তিনি জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা, ক্ষয়ক্ষতি তহবিল কার্যকর করা এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

মাহদী আমিন জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এও অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য তিনি বেইজিং সফর করবেন।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দেশে যেমন আস্থা অর্জন করেছেন, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি মর্যাদাপূর্ণ গ্রহণযোগ্যতা পাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বৈশ্বিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করছে।

তিনি বলেন, সামার দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সেরা চর্চা গ্রহণের সুযোগও সৃষ্টি করছে।