অনলাইন ডেস্ক : বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মৌসুমি আম উপহার পাঠিয়েছেন।
সোমবার সংসদের সংশ্লিষ্ট দপ্তরে এসব উপহার পৌঁছে দেওয়া হয়। সংসদ সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে উন্নত মানের আম ছিল। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদ ভবনের বিভিন্ন দপ্তরে গিয়ে সুশৃঙ্খলভাবে এসব উপহার পৌঁছে দেন।
উপহার বিতরণে সবচেয়ে আলোচনায় আসে এর অন্তর্ভুক্তিমূলক পরিধি। শুধু উচ্চপদস্থ ব্যক্তিরাই নন, সংসদ সচিবালয়ের নিম্নপদস্থ কর্মচারী—যেমন ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও এই উপহারের আওতায় ছিলেন।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সাধারণত এমন উপহার মূলত নির্দিষ্ট পর্যায়ের ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে সবাইকে অন্তর্ভুক্ত করে আম পাঠানোয় তারা আনন্দিত ও সম্মানিত বোধ করেছেন।