সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক : দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে সতর্কতামূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি, তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল। বিরোধী দলের সভা-সমাবেশকে তিনি গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করে বলেন, এতে গণতন্ত্রের বিকাশ ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, বিভিন্ন জেলায় নিষিদ্ধ সংগঠনের মিছিল-মিটিং ও অন্যান্য কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। এসব তৎপরতা থেকে অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, আজ থেকে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি এলাকায় সেনাসদস্যদের ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বেসামরিক ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত পুলিশ বাহিনীর প্রতি আস্থার ঘাটতির কারণে নয় বলেও স্পষ্ট করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রয়োজনে সরকার অতীতেও বিজিবি বা সেনাবাহিনীর সহায়তা নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের এক সংসদ সদস্যের ছেলেকে আটক করে পরে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনের কাছে সবাই সমান। অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
পূজা উদ্যাপন কমিটির সঙ্গে বৈঠকে এক হিন্দু নারীর পৃথক প্রদেশ সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ উঠেছিল কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার মতে, এটি সম্ভবত অনিচ্ছাকৃত মন্তব্য ছিল এবং অতিরিক্ত উৎসাহের কারণেই এমন বক্তব্য এসেছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, নিষিদ্ধ সংগঠনগুলোর সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের আশঙ্কায় ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা, পাশাপাশি নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের সুরক্ষার স্বার্থেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।











