শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ২২, ২০২৬
অনলাইন ডেস্ক : বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আরও দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
মালয়েশিয়ায় দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক এখন শুধু জনশক্তি রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং অর্থনীতি, প্রযুক্তি, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
তিনি মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, অনিয়মিত কর্মীদের বৈধতা প্রদান এবং আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। পাশাপাশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও কম খরচে সম্পন্ন করার ওপরও জোর দেন।
তারেক রহমান বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে এবং সরকার কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করছে। এ প্রেক্ষাপটে তিনি মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
তার মতে, অবকাঠামো, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, হালাল শিল্প, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ ও শিক্ষা খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়ও উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, শ্রমিকদের শোষণ বা অন্যায় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং শ্রম অভিবাসন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
আনোয়ার ইব্রাহিম আরও জানান, ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি, শিক্ষা, পর্যটন ও উন্নত শিল্প খাতেও বিস্তৃত হবে।
তিনি বাংলাদেশকে সম্ভাবনাময় অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা ভবিষ্যতে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সফরকালে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানানো হয়।