রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে বক্তব্য মুছে দিলেন স্পিকার

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে দেওয়া একটি বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্পিকারের ব্যবহৃত একটি শব্দও এক্সপাঞ্জ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার বাজেট অধিবেশনের শুরুতে বিষয়টি নিয়ে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, গত বৃহস্পতিবার বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক মামুনুল হককে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, যা সংসদীয় শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিবেচিত হয়েছে।

স্পিকারের ভাষ্য, সংসদে উপস্থিত থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই— এমন কোনো ব্যক্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে কারণেই সংশ্লিষ্ট বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ওই সময় নিজেও যে মন্তব্য করেছিলেন এবং যেখানে একটি নির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয়েছিল, সেটিও কার্যবিবরণী থেকে প্রত্যাহার করা হয়েছে।

স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে এমন বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। যাদের সংসদে এসে নিজেদের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ নেই, তাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করাই সংসদীয় রীতি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হকের প্রসঙ্গ উত্থাপন করেন। তার বক্তব্যের পর স্পিকার বিষয়টিকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে আপত্তি জানান।

পরে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বিষয়টি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি তোলেন। একই দাবি জানান সংসদের চিফ হুইপ নূরুল ইসলামও। পরবর্তীতে স্পিকার সংশ্লিষ্ট বক্তব্য এবং নিজের মন্তব্যের একটি অংশ এক্সপাঞ্জ করার সিদ্ধান্ত জানান।