,

সিলেটের ডিসি প্রত্যাহার

news-image

অনলাইন ডেস্ক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়নের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর সই করা আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির নির্দেশক্রমে এই পদায়ন কার্যকর করা হয়েছে। তবে প্রত্যাহারের কারণ কিংবা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের দান ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের নেওয়া কিছু পদক্ষেপকে কেন্দ্র করে সারওয়ার আলম আলোচনায় আসেন। মাজারের ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা এবং প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

মাজার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের অভিযোগ, শত শত বছরের প্রচলিত রেওয়াজে হস্তক্ষেপ করে প্রশাসন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার যুক্তি তুলে ধরা হয়।

গত ১২ জুন মাজার পরিদর্শনের সময় দানবাক্সে তালা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ১৮ জুন প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন এবং পুরোনো তিনটি ডেগ সিলগালা করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন করা হয় এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

এসব পদক্ষেপের প্রতিবাদে মাজার প্রাঙ্গণে বিক্ষোভও অনুষ্ঠিত হয়। খাদিমদের পক্ষ থেকে দাবি করা হয়, হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত করা যেতে পারে, তবে জোরপূর্বক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

এদিকে সারওয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে আগামী সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে তিনি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা অতীতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজাল ও অনিয়মবিরোধী অভিযানের জন্য ব্যাপক পরিচিতি ও প্রশংসা অর্জন করেছিলেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম