বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যানজট কমাতে গাড়িবহর ছোট করেছি: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে নিজের সরকারি গাড়িবহরের আকার সীমিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, চার দশক আগে বিশেষ নিরাপত্তার প্রয়োজনীয়তা থেকে বাহিনীটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯১ সালে এসএসএফ নামে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্বের ক্ষেত্রও বিস্তৃত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত বাহিনীর সঙ্গে যুক্ত সকল সদস্যকে তিনি শুভেচ্ছা জানান।

বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় এবং জীবনের শেষ পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় এসএসএফ নিষ্ঠার সঙ্গে নিরাপত্তা দায়িত্ব পালন করেছে। এছাড়া তার মৃত্যুর পর অনুষ্ঠিত বৃহৎ জানাজার আয়োজনেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করেন তিনি।

সরকারপ্রধান হিসেবে এসএসএফের কার্যক্রম প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন জানিয়ে তারেক রহমান বলেন, তরুণ বয়স থেকেই তিনি এই বিশেষ বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত। বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত অগ্রগতি, বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং বহুমুখী নিরাপত্তা ঝুঁকির কারণে বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর এসএসএফ তার নিরাপত্তা নিশ্চিত করছে। তবে জনগণের দুর্ভোগ কমাতে তিনি নিজের গাড়িবহর সীমিত রেখেছেন। এ কারণে সদস্যসংখ্যা বৃদ্ধির পরিবর্তে বাহিনীকে দক্ষতা, প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতার ওপর বেশি গুরুত্ব দিতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনসভা ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে হয়, যেখানে বিপুল মানুষের উপস্থিতির মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সরকারপ্রধানের নিরাপত্তা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ভারসাম্য বজায় রেখে এসএসএফকে দায়িত্ব পালন করতে হয়। এ ধরনের পরিস্থিতিতে বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতা আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয় বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি আমার একটি বিশেষ দৃষ্টিভঙ্গির কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটি হলো, সরকারপ্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপরই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং, নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, একটি সফিসটিকেটেড বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগেই আমি এসএসএফের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি উদ্বোধন করেছি। উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেছি।পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। আমি আশা করি, নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং নিজেদের পেশাগত কর্মদক্ষতা বাড়াতে আপনারা এই ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০২ সালের পর এসএসএফের ‘‘রেড বুক’’ সময়ের চাহিদানুযায়ী পুনরায় সংস্কার করে বর্তমানে আরও আধুনিক এবং সময়োপযোগী করা হয়েছে। এই ‘‘রেড বুক’’ এসএসএফের কার্যপদ্ধতি এবং কর্মপদ্ধতির নীতিমালা প্রদানের পাশাপাশি আইনি সুরক্ষা ও নিশ্চিত করেছে। আপনাদের জন্য ‘রেড বুকে’ উল্লেখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ অবশ্য জরুরি। তবে ‘‘রেডবুকের’’ নির্দেশনার পাশাপাশিসময় এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নেরও সুযোগ রয়েছে। এসএসএফের মত বিশেষায়িত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস- সততা-বিশ্বস্ততা-সৰ্বোচ্চ পেশাদারিত্ব -নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি ‘‘চেইন অফ কমান্ড’’ এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশে বিদেশে রাষ্ট্রঘোষিত বিশেষ গুরুত্ত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। সুতরাং, নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে দেশের অন্য সকল নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমেই এসএসএফকে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। আমি মনে করি, সমন্বয় যত বেশি দক্ষতার সঙ্গে করা যায়, নিরাপত্তা ব্যবস্থাও ততবেশি সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয়। দেশের সেনা, নৌ, বিমান, পুলিশ এবং আনসার বাহিনীর মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের বাছাই করেই এসএসএফ গঠন করা হয়। এরপর আপনাদেরকে গুরুত্ত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার ওপর আপনাদেরকে দেশে দেশে বিদেশে উন্নত মানের প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। আধুনিক বিশ্বের সঙ্গে তালমিলিয়ে এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আরও একটি বিষয়ের প্রতিটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবশ্যই আপনারা গুরুত্ত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয়, সেদিকেও বিশেষভাবে সতর্ক দেবেন। গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে আপনারা সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।’