বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি

news-image

অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে আন্দোলনরত ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে সংগঠনটির প্রতিনিধিরা ডেপুটি গভর্নর কবির আহাম্মদের সঙ্গে বৈঠক করে তাদের সাত দফা দাবি তুলে ধরেন।

বুধবার বাংলাদেশ ব্যাংকে গিয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন ফোরামের সদস্যরা। তাদের দাবি, আগের দিন স্মারকলিপি জমা দেওয়ার সময় গভর্নরের সঙ্গে বৈঠকের আশ্বাস দেওয়া হয়েছিল।

বৈঠক শেষে ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর উন নবী জানান, গভর্নরের পরিবর্তে ডেপুটি গভর্নর তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা ইসলামী ব্যাংকের জন্য একটি সুষ্ঠু, স্বচ্ছ ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান জানান।

সংগঠনটির দাবি, ডেপুটি গভর্নর তাদের আশ্বস্ত করেছেন যে অল্প সময়ের মধ্যেই ব্যাংকের জন্য একটি গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে দেওয়া স্মারকলিপিতে তারা সাতটি দাবি উত্থাপন করে। এর মধ্যে রয়েছে যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, এস আলম গ্রুপের শেয়ারের মালিকানা পুনর্বিন্যাস, ব্যাংক খাতের অনিয়ম তদন্তে ট্রাইব্যুনাল গঠন, বিতর্কিত সিদ্ধান্ত থেকে বিরত থাকা, সংশ্লিষ্টদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং ব্যাংক কোম্পানি আইনের সংশোধন।

ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

উল্লেখ্য, কোরবানি ঈদের আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জোবায়দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করার পর ব্যাংকটিতে নতুন করে অস্থিরতা শুরু হয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক নতুন চেয়ারম্যান নিয়োগ দিলেও তা নিয়ে আপত্তি জানিয়ে একদল গ্রাহক বিক্ষোভ শুরু করেন।

এ পরিস্থিতির মধ্যে ব্যাংক থেকে বিপুল পরিমাণ আমানত উত্তোলনের খবর সামনে আসে এবং বিষয়টি জাতীয় সংসদেও আলোচনার জন্ম দেয়। সর্বশেষ গত ১৪ জুন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়।