বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকগুলোতে সীমান্ত হত্যা ইস্যু গুরুত্বের সঙ্গে বারবার উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বাংলাদেশ সবসময়ই কঠোর অবস্থান নিয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্যতা ও জবাবদিহির বিষয়েও দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত বিএসএফের পুশইনের শিকার ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ২ হাজার ১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১৮৩ জনকে সীমান্ত থেকেই ফেরত পাঠানো হয়েছে এবং ১১ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বিজিবি ৩৬টি পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বলেও জানান তিনি।

সীমান্ত নিরাপত্তা জোরদারে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইস বা ক্রিস্টাল মেথাসক্ত রোগীর সংখ্যা বাড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রায় ১ হাজার ৯৮০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, বিদেশি মদ, আইস, কোকেন ও এলএসডি উদ্ধার করা হয়েছে এবং দুই হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশব্যাপী পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৬৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১ মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাস সংশ্লিষ্ট মামলায় ১০ হাজার ৮৬৫ জনকে আটক এবং ১২৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীতে কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধেও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নজরদারির পাশাপাশি মোহাম্মদপুর এলাকায় পরিচালিত অভিযানে ২৫২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

কারাগারের পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের ৭৫টি কারাগারের ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন হলেও বর্তমানে বন্দির সংখ্যা ৭৭ হাজার ৪০ জন, যা নির্ধারিত সক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ।

এছাড়া অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের বিস্তার রোধে সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে অবৈধ জুয়া প্ল্যাটফর্ম বন্ধ এবং তরুণ সমাজকে এর নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।