মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক :একদিনের সরকারি সফরে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারে যাবেন সরকারপ্রধান।
সফরের অংশ হিসেবে দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। প্রথম পর্যায়ে মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।
পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের হাতে কার্ড তুলে দেওয়া হবে।
বিকেলে তিনি দুসাই রিসোর্টে যাবেন। সেখানে কিছু সময় অবস্থানের পর একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। নির্ধারিত অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সিলেট থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।











