বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

news-image
গাজীপুর প্রতিনিধি : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের নেতৃত্বে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ লক্ষ্য হলো দেশের প্রত্যেক উপজেলায় এই কেন্দ্রগুলো স্থাপন করা।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী উল্লেখ করেন, দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা একটি বড় সমস্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফএ-এর ২০২৪ সালের জরিপে দেখা গেছে, ৭৬% নারী জীবনে অন্তত একবার স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন, কিন্তু ৬২% ভুক্তভোগী কখনো তাদের অভিজ্ঞতা কারও কাছে প্রকাশ করেননি।

মন্ত্রী জানান, ক্রাইসিস সেন্টারগুলোতে নির্যাতনের শিকার নারী ও শিশুকে এক ছাদের নিচে চিকিৎসা, ফরেনসিক সহায়তা, আইনি সহায়তা, মনোসামাজিক পরামর্শ, আশ্রয় ও পুনর্বাসনসহ সমন্বিত সেবা দেওয়া হয়। ইতিমধ্যে ৮১,৯২৮ জন ভুক্তভোগীকে এসব সেবা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, ক্রাইসিস সেল থেকে মাল্টি সেক্টর এপ্রোচ ও “কুইক রেসপন্স টিম” প্রোগ্রাম চালু হয়েছে, যা ঘটনার সঙ্গে সঙ্গে ভুক্তভোগীর পাশে দাঁড়াতে ও আইনি ব্যবস্থা নিতে সহায়ক।

মন্ত্রী উল্লেখ করেন, এ কার্যক্রমকে আরও কার্যকর করতে জনগণকে সচেতন করা জরুরি। স্থানীয় ক্লাব, স্কুল, কলেজ, মাদ্রাসা ও জনপ্রতিনিধি সবাইকে নিয়ে সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে এই প্রোগ্রামটির প্রতি পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমানে কল সেন্টার ১০৯-এর মাধ্যমে সেবা প্রদান অব্যাহত আছে এবং বেতন ও অন্যান্য প্রতিকার ব্যবস্থা চালু করা হয়েছে।