শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ১০, ২০২৬
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম সম্মেলনে বাংলাদেশের শ্রমিকদের পক্ষে বক্তব্য দিয়ে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।
জেনেভার জাতিসংঘ দপ্তরে ৮ জুন অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর পরিবর্তনের সময় শ্রমিকদের মৌলিক অধিকার, ন্যায্য মজুরি, দক্ষতা বৃদ্ধি এবং প্ল্যাটফর্মভিত্তিক অর্থনীতিতে শোভন কাজ নিশ্চিত করার জন্য বৈশ্বিক সহযোগিতা অপরিহার্য।
শিমুল বিশ্বাস বাংলাদেশের প্রায় ৭ কোটি ৩৫ লাখ কর্মশক্তি ও বিদেশে কর্মরত প্রায় ১ কোটি ৮৫ লাখ অভিবাসী শ্রমিকের উদাহরণ তুলে ধরে দক্ষতা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ভিত্তিক আন্তর্জাতিক কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই মানব মর্যাদা ক্ষুণ্ণ করে বা সামাজিক বৈষম্য বাড়ানোর জন্য ব্যবহার করা উচিত নয়।”
তিনি আরও আন্তর্জাতিক সংহতি, নিরাপদ অভিবাসন, শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ, শ্রম আইন সংস্কার এবং সামাজিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। সম্মেলনের শেষে শিমুল বিশ্বাস সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শ্রমব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।