রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

news-image
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষা ব্যবস্থাও বড় ধরনের সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এখনই সময় গণতান্ত্রিক বাংলাদেশে নতুনভাবে এগিয়ে যাওয়ার এবং ঘুরে দাঁড়ানোর।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তি’ শীর্ষক জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধসহ দেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যারা গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে একটি জ্ঞাননির্ভর রাষ্ট্র গঠন করা জরুরি। একই সঙ্গে তিনি সতর্ক করেন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন না করলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

প্রধানমন্ত্রী জানান, আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ দেশের দুই হাজারের বেশি কলেজ এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং এখানে ৪০ লাখের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এ পর্যন্ত এক কোটির বেশি শিক্ষার্থী এই ব্যবস্থার মাধ্যমে উচ্চশিক্ষা সম্পন্ন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শহর ও গ্রামের শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে।

বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের কারণে একদিকে যেমন কিছু পেশা বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। তাই সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বাস্তবমুখী শিক্ষার দিকে যেতে হবে।

তিনি আরও বলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, আইওটি, ন্যানোটেকনোলজি, ৩ডি প্রিন্টিং এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির মতো ক্ষেত্রে দক্ষতা অর্জন না করলে ভবিষ্যতে পিছিয়ে পড়তে হবে। এজন্য সরকার শিক্ষাক্রমকে আরও কর্মমুখী ও বাস্তবভিত্তিক করার কাজ শুরু করেছে।

প্রধানমন্ত্রী জানান, শিক্ষা সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সে লক্ষ্যেই আধুনিক ও সময়োপযোগী পাঠ্যক্রম তৈরি করছে। দক্ষতাভিত্তিক শিক্ষা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিও সেই উদ্যোগের অংশ।

তিনি বলেন, শিক্ষা এখন শুধু ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়; এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান ভিত্তি। তাই বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সম্পর্ক জোরদার, ইন্টার্নশিপ এবং বাস্তব প্রশিক্ষণ বাধ্যতামূলক করা দরকার।

প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন মানবিক মানুষ গঠনের জন্য নৈতিকতা অপরিহার্য। শিক্ষা ব্যবস্থায় মানবিকতা, সামাজিক দায়িত্ব এবং পরিবেশ সচেতনতার বিষয়গুলোও সমানভাবে গুরুত্ব দিতে হবে।

উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক শিক্ষার্থী সনদ অর্জন করলেও বাস্তব দক্ষতার অভাবে কর্মসংস্থানে পিছিয়ে পড়ছে। এই সমস্যা সমাধানে সরকার ইন্টার্নশিপ ও শিল্প–শিক্ষা সংযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ তৈরি করে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে তারা পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষ হয়ে উঠতে পারে।

এছাড়া ক্যাম্পাসভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার জন্য ‘সিড ফান্ডিং’ দেওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠতে পারবে।

শিক্ষকদের ভূমিকা নিয়ে তিনি বলেন, শিক্ষকদের জ্ঞান, সততা ও দায়িত্বশীলতা শিক্ষাব্যবস্থার সাফল্যের মূল ভিত্তি। তারা শুধু পাঠদান নয়, সমাজ গঠনের দিকনির্দেশক হিসেবেও কাজ করবেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, তরুণরা যদি বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে, তবে বাংলাদেশ খুব দ্রুতই একটি সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হতে পারবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারলে তারাই ভবিষ্যতের মানবিক ও উন্নত বাংলাদেশের নির্মাতা হবে। পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার ওপরও গুরুত্ব দেন তিনি, যাতে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ে।

সবশেষে তিনি বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গড়ে তুলতে সরকার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিল্পখাতসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব এবং কোনো বাধাই সেই অগ্রযাত্রা থামাতে পারবে না।

তিনি আরও বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা শুধু চাকরি নয়, দক্ষ মানবসম্পদ, উদ্যোক্তা এবং সামাজিক পরিবর্তনের শক্তি তৈরি করবে।

এ জাতীয় আরও খবর

ফাঁসির রায় কার্যকর না হলে বিচার অসম্পূর্ণ: নিহত মিরাজের বাবা

বিরতির পর নতুন গানে ফিরলেন মেহরাব

ওহায়োতে বন্দুকধারীর গুলিতে ১২ জন আহত

বিদ্যুতের লুটপাটের দায় জনগণের ওপর চাপানো যাবে না: জামায়াত নেতা

৩ দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৬ দফা দাবিতে ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী পরিকল্পনা সরকারের: মাহদী আমিন

তামিলনাড়ুতে ‘পার্টি ফান্ড’ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

রামিসা হত্যা: দ্রুত রায় কার্যকরের দাবি বাবার

দেশমকে শিরোপা উপহার দিতে চায় ফ্রান্স

শুরু হলো প্রথম বাজেট অধিবেশন

হরমুজে আরও দুই ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের