শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না

news-image

অনলাইন প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

শনিবার (৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ আশা প্রকাশ করেন। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

বাজেটের পর এমনিতেই জিনিসপত্রের দাম বাড়ে। কিছুদিন পর বাজেট ঘোষণা। এই সময়ে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো কতটা যৌক্তিক- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটা (দাম বাড়ানো) কোনো না কোনো একটা জায়গায় করতে হবে। আপনি যে কথাটা বলেছেন, বাজেট আসলেই বা বাজেট হয়ে গেলেই মূল্য বেড়ে যায়। আপনারা অনেকেই বাজারে যান নিশ্চয়ই, আমিও বাজারে যাই। বাজারে জিনিসপত্রের দাম বিশেষ করে কাঁচাবাজার, সবজির মূল্য আমি দেখছি বেশ নিয়ন্ত্রণে আছে অনেক সময়ের তুলনায়। আমি এ কথাটা বলতে চাই যে, প্রবণতা আছে। এই প্রবণতার বদলও শুরু হয়েছে। এখন ভর্তুকি সংকটটা আপনি খুব ভালোভাবে নিশ্চয়ই জানেন।’

‘আমরা ভর্তুকিতে এত বেশি খরচ করে ফেলি, সরকারের কিন্তু আরও অনেক উন্নয়ন প্রকল্প আছে এবং সামাজিক নিরাপত্তার প্রকল্প আছে। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় চাই এবং সামাজিক নিরাপত্তাতে- আপনারা কৃষক কার্ডের কথা জানেন, ফ্যামিলি কার্ডের কথা জানেন। তাই এগুলোর ব্যয় সংস্থান তো আসলে আমাদের করতে হবে,’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যদি কিছু মূল্য বাড়েও- এটা উচিত হবে না, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাপারে সতর্ক থাকবে। কিন্তু একই সঙ্গে আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারও ওপরে চাপ পড়ে, ওই ঝুঁকিপূর্ণ গোষ্ঠীটিকে কিন্তু আমরা রক্ষা করছি। বিদ্যুতের দাম তাদের জন্য বাড়াইনি, জ্বালানির দাম বাড়াইনি এবং তারা আবার সরকারের কাছ থেকে অনেকেই ভাতা পেতে শুরু করবেন।’

জাহেদ উর রহমান বলেন, ‘এই বাজেটে একটা বড় শতাংশের মানুষ ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। একই সঙ্গে অন্য যেসব নিরাপত্তা আছে- টিসিবির প্রকল্প বা অন্যান্য নিরাপত্তা জাল, সেগুলো বলবৎ থাকছে। সুতরাং এটা (বিদ্যুৎ ও তেলের দাম বৃদ্ধি) আশা করি খুব বড় প্রভাব ফেলবে না। এর মানে এই না যে বাজারে যে অন্যায়ভাবে মূল্য বৃদ্ধি হয় সেটা নিয়ে সরকার কাজ করবে না। সরকার নিশ্চয়ই কাজ করবে।’

আওয়ামী লীগ সরকারের সময় জেনারেশন ইউনিটগুলো থেকে বেশি দামে বিদ্যুৎ কেনা ও অন্য নানা কারণে এখন ভর্তুকি ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকা। সেখানে হাত না দিয়ে বিএনপি সরকার ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের দাম বাড়িয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘একেবারেই না। আমি একজন ডাক্তারের উদাহরণ দিই। যেমন ধরুন একজন মানুষ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছেন। তো প্রথম কাজ হচ্ছে তাকে অক্সিজেন দেওয়া। মানে এখন শ্বাসকষ্টের কিন্তু অনেক কারণ আছে। কিছু কিছু দীর্ঘমেয়াদি চিকিৎসা লাগবে। অ্যাজমায় শ্বাসকষ্ট হতে পারে, হৃদ্‌রোগে হতে পারে, কিডনি রোগ থেকে হতে পারে, নানা কারণে। ঠিক এই কাজটাই আসলে হচ্ছে।’

আপনি কি নিজেও মনে করেন যে ব্যবস্থাটা বিদ্যুতে দাঁড়িয়েছে, এটা তিন মাসে একেবারে পরিবর্তন বা উল্লেখযোগ্য পরিবর্তন করা যাবে? যাবে না। আমি একটু আগেই বলেছি, আপনি যদি ব্যবস্থাটাকে ধরতে যান তাহলে এটাকে ব্যাহত করলে দেখা যাবে তার কয়েক গুণ বেশি আমার অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে। সেই কারণেই আমরা বলছি যে আমরা এটা নিয়ে কাজ করছি, কাজ করতে হবে,’ যোগ করেন তিনি।

এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি (আধা-বিচারিক কর্তৃপক্ষ)। নিজের থেকে আপিল করে সেই কর্তৃপক্ষের কাছ থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৬৫ ভাগকে আমরা বের করে নিয়ে আসছি। বিইআরসির সিদ্ধান্তে তারা ছিল এবং তারা সবাই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী। নিচের থেকে ৬৫ শতাংশ কিন্তু, ওপর তলার নয়।’

তিনি বলেন, ‘আজকে যে বিদ্যুৎ পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে আছি এবং নিশ্চয়ই আপনারা বোঝেন, এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে। আবার সেখান থেকে বের হয়ে আসতে কী পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। আমাদের উপদেষ্টা যেটা বলেছেন, একদিকে যেমন দীর্ঘমেয়াদি পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে, যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে যাতে নিজেদের ওপর নির্ভর করতে পারি ও যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি, আবার অপরদিকে এই মুহূর্তের সমস্যাগুলো আমাদের খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে।’

সরকারের স্পিরিট খুব পরিষ্কার মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘একটা দীর্ঘমেয়াদি অপরাধী এবং দুর্নীতি চক্রের অলিগার্কের কাছ থেকে এটাকে বের করে এনে ধীরে ধীরে সুস্থ জায়গায় আনতে হচ্ছে। আপনাদের প্রশ্নের মধ্যেও সেই স্পিরিট রয়েছে, আমাদের কর্মের মধ্যেও সেই স্পিরিট রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক

ডিএসইর নাম ভাঙিয়ে শেয়ারবাজারে ‘আইটেম’ বাণিজ্যের ফাঁদ

মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

এখন শুধু রায়ের ‘অপেক্ষা’

৩০০-৪০০ কোটি টাকার আম নষ্ট হয় নওগাঁয়

হত্যার অভিযোগের পর প্রথমবার জনসমক্ষে রাউল কাস্ত্রো

লালমনিরহাট সীমান্তে পুশইন ব্যর্থ, ৩৩ জন সরিয়ে নিল বিএসএফ

ইউরোপের বুকে প্রথম বাংলাদেশের জয়

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

বিশাল পতাকা ও চোখধাঁধানো আতশবাজিতে জমবে উদ্বোধনী আয়োজন

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

জেলেনস্কির সঙ্গে বৈঠকে আগ্রহ নেই পুতিনের