জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ৫ উদ্যোগ
আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ’ বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সভাটি বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি ও অনলাইন মিডিয়া ঢাকা স্ট্রিম সমন্বিতভাবে আয়োজন করে।
উপদেষ্টা রাশেদ আল মাহমুদ বলেন, উৎপাদন ক্ষমতা ও ব্যবহার, অস্বচ্ছ চুক্তি এবং জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংকট সৃষ্টি করেছে। এই দুষ্টচক্র ভেঙে কাঠামোগত পরিবর্তন জরুরি।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাঁচটি উদ্যোগ হলো:
১. ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সামনে রেখে জ্বালানি মিশ্রণ পুনর্গঠন ও নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি।
২. সাধারণ ভোক্তা ও শিল্প খাতের জন্য আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারসাম্যপূর্ণ মূল্য কাঠামো নির্ধারণ।
৩. নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও দেশীয় উৎপাদন উৎসাহিত করা, আমদানি নির্ভরতা কমানো।
৪. দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা; বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি।
৫. নির্দিষ্ট সময়ের জন্য জ্বালানি মজুত নিশ্চিত করতে ‘বেঞ্চমার্ক’ নির্ধারণ।
তিনি বলেন, অতীতে কিছু গোষ্ঠীর নিয়ন্ত্রণে জ্বালানি খাত পরিচালিত হওয়ায় প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে এবং ভর্তুকির চাপ বেড়েছে। কাঠামোগত সমস্যা সমাধান না হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না এবং শিল্পায়নও ক্ষতিগ্রস্ত হবে। নাগরিক সমাজের সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং আগামী বাজেটে অন্তর্ভুক্তির চেষ্টা করা হবে।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অবদান মাত্র ৫ শতাংশ। ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানির অগ্রাধিকার বৃদ্ধিতে বাজেটে এ খাতের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। প্রতিবছর ‘ন্যাশনাল অ্যানার্জি ট্রানজিশন রিপোর্ট’ প্রণয়ন ও প্রকাশের মাধ্যমে জ্বালানি রূপান্তর সংক্রান্ত সব উদ্যোগ, অর্থায়ন ও অগ্রগতি সমন্বিতভাবে উপস্থাপন করা হবে। এছাড়াও নিজস্ব সক্ষমতা বাড়িয়ে স্টোরেজ সিস্টেম উন্নয়ন এবং ডিজেল পাম্পের পরিবর্তে সোলার পাম্প ব্যবহার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
বিশেষ অতিথি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি, ইলেকট্রিক যানবাহন ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি একত্রে বিবেচনা করে সমন্বিত জ্বালানি কৌশল প্রণয়ন করছে। তিনি জানান, লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়াতে কর ও শুল্ক সুবিধা দেওয়া হতে পারে এবং ইভি ব্যবহারের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন, চার্জিং অবকাঠামো ও বিনিয়োগ নিশ্চিত করা হবে।
আলোচনায় অংশ নেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, ইডকল-এর সিইও আলমগীর মোরসেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নবায়নযোগ্য জ্বালানি ও গবেষণা পরিদপ্তরের পরিচালক মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা এবং খাতের অন্যান্য বিশেষজ্ঞরা।









