মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে
নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বাড়ছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশু রোগীর সংখ্যা। সেই সঙ্গে শিশু মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। প্রতিদিন সেই মিছিলের যুক্ত হচ্ছে নতুন নাম। গত ৩৩ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশু মারা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে, দেশে চলমান হামের পরিস্থিতিকে ‘মহামারী’ হিসেবে ঘোষণা করে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ (ডিপিপিএইচ)।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত হামে মোট ৩৫ শিশুর মৃত্যু হয়েছে; আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭৮ শিশুর। গতকাল হামের উপসর্গ নিয়ে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্য দুটি মৃত্যুর ঘটনা ঢাকায় এবং দুটি বরিশাল বিভাগে। এ সময়ে সর্বোচ্চ ৮১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ৯৪২ জনের মধ্যে। এর মধ্যে ৫৮০ জন ঢাকা বিভাগের, ২০৮ জন রাজশাহী বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৪ জন, যার মধ্যে ৩৩০ জনই ঢাকা বিভাগের। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে ময়মনসিংহে পাঁচজন ও রংপুর বিভাগে তিনজন। একই সময়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৫০৮ জন।
এদিকে, গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘হামে শিশুমৃত্যু : জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছে, কোনো রোগের বিস্তার যখন সময়, স্থান ও আক্রান্ত ব্যক্তির বিবেচনায় অস্বাভাবিক হয়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যায় এবং স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে সামাল দিতে পারে না, সেটা জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি।
বর্তমানে হামের বিস্তার এ পর্যায়ে পৌঁছেছে। তাই সরকারের কাছে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার আহ্বান জানান তারা।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক আবু মোহাম্মদ জাকির হোসেন বলেন, হাম সংক্রমণ করোনার চেয়েও দ্রুত হয়। টিকা দিলেও তাৎক্ষণিক সেটার কার্যকারিতা পাওয়া যায় না। দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। বর্তমান সংকট মোকাবিলায় হাসপাতালের সেবাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি রশিদ-ই-মাহবুব বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রান্তিক শিশুরা।
রংপুর প্রতিনিধি : রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) হামের উপসর্গ নিয়ে গত শুক্রবার দুপুরে এক শিশুর মৃত্যু হয়েছে। এই প্রথম হাম উপসর্গ নিয়ে রমেক হাসপাতালে শিশুর মৃত্যু হলো। শিশুটির চিকিৎসায় কর্মরত নার্স ও ওয়ার্ড বয় অসহযোগিতা করেছেন বলে অভিযোগ তার মায়ের। মৃত শিশু তানজিদের বয়স সাত মাস। সে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার এলাকার রিয়াজুল ইসলামের ছেলে। রমেকের শিশু বিভাগের বিভাগীয় প্রধান আয়েশা সুলতানা বলেন, শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে ১২ থেকে ১৪ দিন ভর্তি ছিল। তারপর র?্যাশ হওয়ায় ১৫ এপ্রিল আমাদের এখানে পাঠিয়েছিল। প্রথম থেকে শিশুটির পরিস্থিতি খুব খারাপ ছিল। শিশুর মা তিথি মনি মুঠোফোনে বলেন, ঈদের দুই দিন পর লালমনিরহাট হাসপাতালে নিউমোনিয়া আশঙ্কা করে চিকিৎসা দিচ্ছিল। তারপর বাচ্চা একটু সুস্থ হয়, বাসায় নিয়ে আসি। আবার অসুস্থ হয়। পরে পহেলা বৈশাখের দিন নিয়ে গেছি। ওখানে শিশু ডাক্তার আসেনি। পরে আমার বাচ্চা খুব অসুস্থ হয়েছে, ওখানে অক্সিজেন দিয়ে পরদিন রংপুরে নিয়ে আসি। রংপুরের বেসরকারি কমিউনিটি মেডিক্যালে ভর্তি করলে তারা হাম আক্রান্তের কথা বলে রংপুর মেডিক্যালে পাঠিয়ে দেয়। তিথি মনি আরও জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু তানজিদকে প্রথমে হাম কর্নারে রাখা হয়েছিল। পরে একজন চিকিৎসক বলেন, ওর হাম হয়নি। তখন সাধারণ শিশু ওয়ার্ডে রাখা হয়। অক্সিজেন সরবরাহসহ তানজিদের চিকিৎসায় কর্মরত নার্স ও ওয়ার্ড বয়ের অসহযোগিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে টিকাদান কর্মসূচির আওতায় জেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। জেলার সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ হামের টিকা দেওয়া হবে।
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গতকাল আরও ৩৬ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১৭ শিশু। গত ১৭ মার্চ থেকে গতকাল সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৫৭৭ শিশু। এদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৪৭ শিশু। মৃত্যু হয়েছে ১৩ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১৭ শিশু।











