বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত দুই সরকারের ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ক্ষমাহীন অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।’

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সারাদেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে। এজন্য আমি সকল চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীসহ সকলকে ধন্যবাদ জানাই।’

যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন, তাদের প্রতি দুঃখপ্রকাশ করে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি বলেন, ‘স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। সুচিকিৎসা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার।’

তিনি আরও বলেন, ‘এই সম্মেলন শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি স্বাস্থ্যখাত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা দেশের স্বাস্থ্যব্যবস্থার মূল চালিকাশক্তি।’

তারেক রহমান বলেন, ‘স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে। এ লক্ষ্যে ‘‘প্রিভেনশন ইজ বেটার দেন কিউর’’ নীতিতে এগিয়ে যাবো আমরা।’

স্বাস্থ্যখাতে ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা শক্তিশালী করা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করার উদ্যোগ নেবে সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য সেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।’

স্বাস্থ্যকর্মীদের মর্যাদা, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের অঙ্গীকার করে সরকারপ্রধান বলেন, ‘এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। যার ৮০ শতাংশ নারী থাকবে।’

দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যতথ্য সংরক্ষণ ও সহজ চিকিৎসাসেবা নিশ্চিত করা যাবে।’

এ সময় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার নেতৃত্ব, টিকাদান, মাতৃস্বাস্থ্য ও রোগ প্রতিরোধে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে কাঠামোগত ও জনবল ঘাটতি দূর করার পরিকল্পনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর সেবা জোরদার করা হবে।’

মানবিক, জবাবদিহিমূলক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাস্থ্যসেবা যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মডেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চলাচলের জন্য গাড়ির তেল ও চালকের ব্যবস্থা করা হবে। তবে এজন্য আন্তর্জাতিক সমস্যা শেষ হওয়ার অপেক্ষায় আছে সরকার।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান সরকারপ্রধান।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত উপস্থিত ছিলেন। এ ছাড়া সারাদেশ থেকে আসা পাঁচ শতাধিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন