উদ্বোধনী অনুষ্ঠানে কলম নিয়ে প্রবেশ নয়
শাহজাহান আকন্দ শুভ
আগামী মাসে হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। ভিভিআইপি নিরাপত্তার দিক মাথায় রেখে প্রথমবারের মতো পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কলম (মেটাল কলম) নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কলমসদৃশ ভয়ংকর গুপ্ত অস্ত্র ‘পেনগান’ উদ্ধার করায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে পুলিশের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হয়ে ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবার সরকারের ৯ দফা পরিচালন ব্যয় হ্রাসের নির্দেশনার আলোকে ব্যয় সংকোচন নীতিও অনুসরণ করতে যাচ্ছে পুলিশ সদর দপ্তর। এ জন্য জ¦ালানিসহ অন্যান্য খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১০ মে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বার্ষিক ইভেন্ট ‘পুলিশ সপ্তাহ’-২০২৬ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর দেওয়া তারিখের ওপর। পুলিশ সপ্তাহ আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে গত বৃহস্পতিবার পুলিশ প্রধান আইজিপি মো. আলী হোসেন ফকিরের
সভাপতিত্বে ২৪টি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের ৯ দফা নির্দেশনার আলোকে জ¦ালানি সাশ্রয়সহ সর্বোচ্চ ব্যয় সংকোচন নীতি অনুসরণের সিদ্ধান্ত হয়। ওই সভাতেই প্রধানমন্ত্রীর সর্বোচ্চ নিরাপত্তার দিক মাথায় রেখেই কলম (মেটাল কলম) নিয়ে যাতে কেউ উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশ করতে না পারে এ দিকটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রস্তাব আসে। পরে এই প্রস্তাব বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন আইজিপি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত বছরগুলোয় পুলিশ সপ্তাহের আমন্ত্রণপত্রে একগুচ্ছ নির্দেশনা ছিল। এর মধ্যে কোনো অস্ত্র, হ্যান্ডব্যাগ, ছাতা, মোবাইল ফোন, ক্যামেরা, চাবিসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী সঙ্গে না আনতে নিষেধ ছিল। এবার এগুলোর সঙ্গে কলম যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩ এপ্রিল যুবদল নেতা রাসেলকে নয়াবাজারের একটি বাসায় ডেকে নিয়ে গুলি করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। এ ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে সন্দেহভাজন সোহেল ওরফে কাল্লু এবং সাইমনকে গ্রেপ্তার করে। পরে কাল্লুর তথ্যানুযায়ী কেরানীগঞ্জের একটি বাসার টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার করে একটি সিগারেটের প্যাকেট। ওই প্যাকেটেই পাওয়া যায় পলিথিনে মোড়ানো ভয়ংকর লুকানো অস্ত্র পেনগান। এই অস্ত্রটি উদ্ধারের পর ভিআইপি ও ভিভিআইপি নিরাপত্তায় ঝুঁকির দিক আলোচনায় সামনে আসে। এমন প্রেক্ষাপটেই পেনগান থেকে বাড়তি সতর্কতার অংশ হিসেবে আমন্ত্রিত অতিথিদের কলম নিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে বারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ এই অস্ত্রের উৎসের খোঁজে টানা অভিযান চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, এই ‘পেনগান’ বা কলম-পিস্তল দেখতে সাধারণ কলমের মতো হলেও, এটি বহন করে প্রাণঘাতী ঝুঁকি। সহজে লুকিয়ে রাখা যায়, সাধারণ বস্তু মনে হওয়ায় নজরদারির বাইরে রাখা যায়, এমন বৈশিষ্ট্যের কারণে এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। খুব কাছে থেকে টার্গেট কিলিং বা পরিকল্পিত হামলায় এই অস্ত্র ব্যবহার করা যায়। ফলে ভিড়পূর্ণ জায়গা, রাজনৈতিক সমাবেশ বা ব্যক্তিকে লক্ষ্য করে হামলায় এটি ব্যবহার করা হলে আগাম শনাক্ত করা কঠিন হতে পারে।
পুলিশের সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা গতকাল আমাদের সময়কে বলেন, এই ক্ষুদ্রাকৃতির অস্ত্র জননিরাপত্তার জন্য বড় হুমকি। এ ছাড়া ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে পুলিশ সপ্তাহের আয়োজনে খরচের বাজেটে কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সাত দিনের বদলে চার দিনেই শেষ করা হচ্ছে পুলিশ সপ্তাহ। জ¦ালানি সাশ্রয়ের জন্য বেশ কয়েকটি ইভেন্টে কর্মকর্তারা আসাযাওয়া করবেন বাসে।
সূত্র জানায়, পুলিশ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভায় দুটি তারিখ নির্ধারণ করা হয়েছিল একটি ৪ থেকে ৭ মে এবং অন্যটি ১১ থেকে ১৪ মে। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১০ মে শুরুর তারিখ নির্ধারণ করে দাওয়াতপত্র গ্রহণ করা হয়। পুলিশ সপ্তাহের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ হ্রাস, সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ১০ শতাংশ এবং সেমিনার-কনফারেন্স ব্যয় ২০ শতাংশ হ্রাস; ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ হ্রাসসহ ৯ দফা নির্দেশনা দেয়। এই নির্দেশনার আলোকে ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। এবার খরচ বাঁচাতে রাজারবাগসহ পুলিশের স্থাপনাগুলোতে আলোকসজ্জা পরিহার করা হচ্ছে। পাশাপাশি খাবারের মেনুতেও কাটছাঁট করার সিদ্ধান্ত হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন আমাদের সময়কে বলেন, পুলিশ সপ্তাহ উদযাপনে পুলিশের পক্ষ থেকে নানা ধরনের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে গঠিত ২৪টি কমিটির কাজের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।











