শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়নে চাপ বাড়াচ্ছে ১১-দলীয় জোট

news-image

শিমুল বারী
জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত এই সনদ দ্রুত কার্যকরের দাবিতে সরব হয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। তাদের অভিযোগ, সরকার পরিকল্পিতভাবে বাস্তবায়ন প্রক্রিয়া বিলম্বিত করছে এবং গণভোট ইস্যুতে বিভ্রান্তি তৈরি করে জনমতকে উপেক্ষা করছে। এ অবস্থায় দাবি পূরণ না হলে ‘শান্তিপূর্ণ কিন্তু কঠোর’ আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাজপথে ফেরার ইঙ্গিত দিয়েছে জোটটি।

অন্যদিকে সরকার বলছে, সংবিধান সংশোধনের মাধ্যমেই সনদের বাস্তবায়ন সম্ভব এবং এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ফলে বিষয়টি এখন শুধু একটি রাজনৈতিক দাবি নয়; বরং তা জনমত, রাজনৈতিক বৈধতা এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে বিস্তৃত বিতর্কে রূপ নিয়েছে। বিশ্লেষকদের মতে, দ্রুত সমাধান না এলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে।

জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব, গণভোট ইস্যুতে সরকারের অবস্থান এবং সংবিধান সংস্কার প্রশ্নে দ্বিধানীতির অভিযোগ তুলে রাজপথে ফেরার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দলটির শীর্ষ নেতৃত্ব বলছে, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে ‘শান্তিপূর্ণ কিন্তু ইস্পাত কঠিন’ আন্দোলনের পথেই এগোবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

১১ দলীয় জোটের শীষ নেতারা বলছেন, জুলাই সনদ কোনো দলীয় দলিল নয়; এটি দীর্ঘ আলোচনার মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐকমত্যের প্রতিফলন। অথচ সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোট নিয়ে প্রশ্ন তুলে জনগণের সুস্পষ্ট মতামত অবমূল্যায়ন করছে। জুলাই আন্দোলন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হয়নি; বরং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সুশাসন, ইনসাফ ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যেই এ ঐক্য গড়ে উঠেছিল। সেই চেতনা উপেক্ষা করা হলে জনগণ আবার ঐক্যবদ্ধ হবে বলছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

সংবিধান সংস্কারের পরিবর্তে সীমিত সংশোধনের পথে সরকারের অবস্থান জুলাই চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে জামায়াতের একাধিক নেতা প্রতিবেদকের কাছে বলেন, এটি মূলত জনগণের সঙ্গে প্রতারণার শামিল। নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের পরাজিত করা হয়েছে। তা-ও মেনে নেওয়া হয়েছে। তবে জুলই সনদ বাস্তবায়নে কালক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে সরকারকে সতর্ক করে দেন তারা। অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায় করুন, নয়তো আবার রাজপথে জনগণ নামবে এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে একাধিক নেতা জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন বলেন, জুলাই সনদের উদ্দেশ্য ছিল নতুন বাংলাদেশ গঠন, যেখানে সরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোয় আগের মতো নিয়োগ হবে না। আমরা চাই, জনগণের রায়কে সম্মান করতে। যে অধ্যাদেশে জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশ আছে, তা আইনগতভাবে বৈধ। ক্ষমতাসীন সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে দ্বিচারিতা অবলম্বন করলে জনগণ কখনো ক্ষমা করবে না।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম গতকাল শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, জুলাই সনদে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। কিন্তু সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে, যা জুলাই বিপ্লব ও জুলাই চেতনার সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। মূলত, সরকার এখন জনগণের সঙ্গে রীতিমতো প্রতারণার আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ হয়েছে।

এটিএম আজহার বলেন, জুলাই সনদ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত হয়েছে। এজন্য দীর্ঘ সময় সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তা প্রস্তুত করা হয়েছে। একই অর্ডারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও শুধু গণভোট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা সরকারের আদর্শিক দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়। পতিতদের আদলে ফ্যাসিবাদী হয়ে ওঠার হীন মানসিকতা থেকেই সরকার অনাকাক্সিক্ষত গণভোট নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অতীতে কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি, আর হবেও না। তিনি জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিপুলসংখ্যক মানুষের সমর্থন থাকা সত্ত্বেও সরকার সনদ বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। বিএনপিও পারবে না। তাই তালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবেন বলে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা চুপ করে বসে থাকব না। জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে আবার রাজপথে নামতে বাধ্য হবো। এটি কোনো রাজনৈতিক কৌশল নয়, এটি জনগণের ন্যায্য দাবি বলে হুঁশিয়ারি দেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম আমাদের সময়কে বলেন, একই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সুযোগ থাকা সত্ত্বেও সরকার শুধু গণভোট প্রশ্নে আপত্তি তুলছে। তাদের দাবি, এটি রাজনৈতিক অনিচ্ছা এবং ক্ষমতা ধরে রাখার কৌশলের অংশ। জনগণের সুস্পষ্ট মতামতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা কখনই টেকসই হবে না; বরং এতে রাজনৈতিক অস্থিরতা ও অবিশ্বাস বাড়বে। তাই দ্রুত বাস্তবায়ন করুন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের সময়কে বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচার চালিয়েছে এবং ‘হ্যাঁ’তে ভোট দিতে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে। তাই গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে।

গণভোট অধ্যাদেশ নিয়ে আপত্তি থাকলেও ৬৯ শতাংশ ভোটার যেহেতু পক্ষে মত দিয়েছেন, তাই গণভোটের রায় নাকচ করা বিবেচনাসম্মত কাজ হবে না।

জাতীয় সংসদে সরকারি দলের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় গণভোটের রায় বাস্তবায়নে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন সাইফুল হক। তিনি আশা প্রকাশ করে বলেন, এই ইস্যুতে বিএনপি নেতৃত্ব দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং গণআকাক্সক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এখানে কোনো ইফস, অ্যান্ড, বাটস নেই। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ থাকা না থাকার ওপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকর। এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। গতকাল ঝিনাইদহে খাল খনন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ এখন কেবল একটি দাবি নয়, এটি রাজনৈতিক বৈধতা, জনসমর্থন এবং ভবিষ্যৎ শাসন কাঠামোর প্রশ্নে একটি কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে উল্লেখ করে রাজনৈতিক বিশ্বেষক অধ্যাপক সারোয়ার জাহান বলেন, জুলাই সনদকে ঘিরে যে অবস্থান তৈরি হয়েছে, তা মূলত রাজনৈতিক বৈধতার প্রশ্নে এক ধরনের প্রতিযোগিতা। সরকার যদি দ্রুত কোনো অন্তর্ভুক্তিমূলক সমাধানে না পৌঁছায়, তাহলে রাজপথের রাজনীতি আবার উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

‘এটা আমাদেরই গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মহান মে দিবস আজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ