নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা
আব্দুল্লাহ কাফি
দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে চলমান সংকট মোকাবিলায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেছেন তারা। তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
বিনিয়োগে বাধা কোথায়Ñ ব্যবসায়ীদের কাছে সে সম্পর্কে শুনেছেন প্রধানমন্ত্রী এবং কিছু কিছু সমস্যার সমাধান তাৎক্ষণিক করে দিয়েছেন, জানান অর্থমন্ত্রী। তিনি যোগ করেন, বাকি সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, চলমান ইরান যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হওয়া জ্বালানি সংকটে দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে।
দেশে বিনিয়োগের পরিবেশ চাঙ্গা করা এবং শিল্প খাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর আড়াইটা পর্যন্ত।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা শিল্পোৎপাদন সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথা তারা তুলে ধরেন। বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াত সহজ করতে এবং বিমানবন্দরের ঝামেলা এড়াতে ই-ভিসা চালুর দাবিও জানান ব্যবসায়ীরা।
অর্থনৈতিক সংস্কারের বিষয়ে বৈঠকে আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার এবং নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এ ছাড়া মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্সপ্রাপ্তি সহজীকরণ এবং বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্রবন্দর দ্রুত চালুর আহ্বান জানিয়েছেন তারা।
বৈঠককালে ব্যবসায়ীদের সমস্যার কথা প্রধানমন্ত্রী নিজে জানতে চেয়েছেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসায়ীদের নানা সংকটের কথা বিগত দিনে আমরা শুনে এসেছি। প্রধানমন্ত্রী এবার সরাসরি ব্যবসায়ীদের মুখ থেকে তাদের সমস্যার কথা শুনতে চেয়েছেন। তাদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নোট নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে এবং বাকি বিষয়গুলো আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।
বিনিয়োগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে আমির খসরু বলেন, ি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতেই ব্যবসায়ীদের সঙ্গে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীরা বিনিয়োগের বাধা কোথায় পাচ্ছেন, এগুলোর সমাধান উনি (প্রধানমন্ত্রী) শিগগিরই করতে চান। ব্যবসায়ীদের কাছে সমস্যার কথা প্রধানমন্ত্রী শুনেছেন এবং কিছু কিছুর সমাধান ‘অন দ্য স্পট’ দিয়েছেন। বাকিগুলোর সমাধান আলোচনার মাধ্যমে দেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্সপ্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৈঠকে বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা কাউন্সিলের ৯ সদস্যের সবাই উপস্থিত ছিলেন। তারা হলেন, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, র্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী ও এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা। অন্যদিকে সরকারের পক্ষে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
বন্ধ কল-কারখানা চালুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যেসব কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো কীভাবে চালু করা যায়; সরকারি কারখানা যেগুলো বন্ধ হয়েছে, সেগুলো কীভাবে সচল করা যায়; সার্বিকভাবে নতুন প্রকল্পের বাইরে যেসব পুরনো প্রকল্প বন্ধ হয়ে আছে, সেগুলো চালু করার বিষয়ে আলোচনা হয়েছে এবং এগুলোর সমাধান দিয়ে অনেক প্রকল্প চালু করা হবে বলে আমরা আশা করি।
জ্বালানি সহায়তাবিষয়ক এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মাল্টিলিটারেল বডিগুলো থেকে বিভিন্ন সহায়তা আসছে। আমরা সবার সহযোগিতা পাচ্ছি।
বৈঠকে নিয়ন্ত্রক পরিবেশ, জ্বালানি, মানবসম্পদ, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে। কাউন্সিল সদস্যরা এ ফোরাম প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ এবং বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে একটি উন্মুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার মানসিকতাকে সাধুবাদ জানান। জানা গেছে, বেসরকারি খাতের মতামতের ভিত্তিতে কাউন্সিল এখন একটি সংক্ষিপ্ত প্রস্তাবনা প্রস্তুত করবে। এর সঙ্গে তাৎক্ষণিকভাবে ব্যবসায়িক পরিবেশের চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় একটি লক্ষ্যভিত্তিক ও কার্যকর কর্মপরিকল্পনা থাকবে।
বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে প্রস্তাবনায় অন্যান্য দেশের প্রমাণভিত্তিক আইনগত, নীতিগত ও নিয়ন্ত্রক দৃষ্টান্ত অন্তর্ভুক্ত করা উচিত বলে বৈঠকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সরকারপক্ষ থেকে সমন্বয়কারী সংস্থা হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কাজ করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে প্রস্তাবিত কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন বিডা প্রস্তাবিত অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কারের একটি। এর উদ্দেশ্যÑ সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের ধারাবাহিক ও কাঠামোবদ্ধ মতামত দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা। এ বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য এবং দেশের সংস্কার ও বিনিয়োগ এজেন্ডাকে এগিয়ে নিতে ব্যবসায়ী প্রতিনিধিদের একত্র করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।
বৈঠকে অংশ নেওয়া এক ব্যবসায়ী প্রতিনিধি গতকাল আমাদের সময়কে বলেন, বাংলাদেশি কোম্পানিগুলোর মাধ্যমে এ দেশের উৎপাদন খাতের মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে জানার একটি উপায় হিসেবে এইচপিএমের জন্য পিএসএসিকে একটি পরামর্শদাতা পরিষদ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর উদ্দেশ্য হলোÑ ব্যবসা ও সরকারের মধ্যে ব্যবধান কমাতে সাহায্য করা।
বৈঠকে অংশ নেওয়া অন্য একজন ব্যবসায়ী বলেন, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠনের উদ্দেশ্য হলো বেসরকারি খাত ও সরকারের মধ্যে ব্যবধান কমিয়ে আনা। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় নীতিগত সংস্কার ও সরলীকরণ, উন্নত মানের নীতি প্রণয়ন ও তা সময়মতো বাস্তবায়ন এবং সুশাসন নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। একই সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, নতুন খাত উš§ুক্ত করা, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের উপায় চিহ্নিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, শনিবারের বৈঠকটি ছিল এই পরিষদের প্রথম বৈঠকে। প্রতি তিন মাস অন্তর এই পরিষদ বৈঠকে বসবে বলে জানান ওই ব্যবসায়ী।
আরেকজন ব্যবসায়ী বলেন, প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অভিযোগ ও সমস্যাগুলো শুনেছেন। ব্যবসা পরিবেশ উন্নয়ন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা এনবিআর সৃষ্ট বিভিন্ন প্রতিবন্ধকতা, পাশাপাশি ব্যবসা নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়ার জটিলতাসহ বেশ কিছু বাধার কথা তুলে ধরেছি। গভীর সমুদ্র বন্দর পরিচালনা, বিমানবন্দর সুবিধা, ব্যাংক ঋণের সুদের হার এবং অর্থনৈতিক অঞ্চলে জমি ও ইউটিলিটি সংক্রান্ত সমস্যাসহ লজিস্টিক ও আর্থিক প্রতিবন্ধকতাগুলোও আলোচনায় উঠে আসে। এ ছাড়া বর্তমান সরকারের মেয়াদে আগামী পাঁচ বছরে তৈরি পোশাক রপ্তানি ৭০ বিলিয়ন ডলারে উন্নীত করার একটি প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে কয়েকটি জরুরি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনা দেন এবং অন্যান্য বিষয় ধাপে ধাপে সমাধানের জন্য আশ্বাস দিয়েছেন।
গতকালের বৈঠকে আলোচিত অন্যান্য বিষয়ের মধ্যে নীতি সংস্কার, যথাসময়ে বাস্তবায়ন ও সুশাসনের বিষয়ও প্রাধান্য পায়। একই সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, নতুন খাত উন্মোচন, মানসম্মত নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানব পুঁজির উন্নতির উপায় চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া নিয়ন্ত্রক বাধা, রপ্তানি, এফডিআই, ব্র্যান্ডিং, নতুন প্রযুক্তি, বাংলাদেশ ব্র্যান্ডিং ও অর্থায়নের মতো আন্তঃখাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা কাউন্সিল প্রতি তিন মাস অন্তর বৈঠক করবে বলে জানা গেছে।











