জুলাই সনদ মেনে না নিলে হাদি-ফেলানী-আবরার ফাহাদ হত্যা বিফলে হবে
অনলাইন ডেস্ক : জুলাই সনদ মেনে নেওয়া না হলে ওসমান হাদি, ফেলানী ও আবরার ফাহাদ হত্যা বিফলে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
সরকারকে সঠিক পথে আসার আমন্ত্রণ জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আসুন, জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করি। শুনুন এ দেশের মানুষ কী চায়। যদি জুলাই সনদ মেনে নেওয়া না হয়, তাহলে হাদি হত্যা বিফল যাবে, ফেলানী হত্যা বিফলে যাবে, আবরার ফাহাদ হত্যা বিফলে হবে। দেশের জনগণ এটি কখনো হতে দেবে না।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা চাই, দেশে গণতন্ত্রের ধারা প্রতিষ্ঠিত হোক। কিন্তু একটি দল নির্বাচিত হয়েই বিভিন্ন জায়গায় প্রশাসন নিয়োগ দিচ্ছে। জনগণের রায়কে অমান্য করার চেষ্টা করছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণতন্ত্রের নিয়ম অনুযায়ী একটি দল সরকারে থাকবে, আরেকটি দল বিরোধী হবে। সরকার ঠিক করলে সরকারকে সহযোগিতা করব, আর ঠিক না করলে বিরোধিতা করব। আমরা গণতন্ত্র অনুযায়ী সরকারের সব ভালো কাজে সহযোগিতা করব। আর জনগণের বিরুদ্ধে যে সিটি নেওয়ার চেষ্টা হবে, কঠিন ভাষার তা প্রতিহত করব।’
তিনি বলেন, ‘আমরা যদি এই সরকারের ব্যর্থতা চাইতাম, তাহলে এখন রাস্তায় নেমে আন্দোলন করতাম। আমরা চাই সরকার সফল হোক। কিন্তু সরকারই যদি উল্টো পথে হাটে, তাহলে আমাদের তো কিছু করার থাকবে না।’
জামায়াত আমির বলেন, ‘পাকিস্তানিরা জনরায়কে মূল্যায়ন না করে এ দেশে লুণ্ঠন করেছিল। তাই তাদের বিরুদ্ধে আমাদের ১৯৭১ সালে অস্ত্র হাতে নিতে হয়েছিল। আমাদের লড়াকু যোদ্ধারা তাদের পরাজিত করে একটি স্বাধীন পতাকা অর্জন করেছিল। আপনারাও যদি জনরায়কে মেনে না নেন, তাহলে আমাদের তরুণরা কঠিন ভাষায় তার জবাব দেবে।’
জামায়াত আমির বলেন, ‘পাকিস্তানকে গণরায় না মেনে খেসারত দিতে হয়েছিল। আপনারাও জনগণের রায় মেনে না নিলে জাতি ছেড়ে দেবে না। আমরা সংসদে ও বাইরে এর জবাব দিতে প্রস্তুত রয়েছি।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বাধীনতা একটি দেশের জন্য কত বড় অর্জন, এটি স্বাধীন দেশের মানুষ বোঝে না। যারা পরাধীন তারাই এটির মূল্য বেশি বুঝতে পারে। আমরা স্বাধীনতা অর্জন করেও কেন মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারলাম না, এর পেছনে রয়েছে দুর্নীতি-অনিয়ম। আমাদের এই দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।’
দেশের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ আত্মগোপনে গুহায় লুকিয়েছিল। এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। দেশবাসীকে সচেতন থাকতে হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কোনো দেশের স্বাধীনতার সংগাম হয় মানুষের বৈষম্য, শোষণের অবসান ঘটাতে। আমরা ৯ মাসের যুদ্ধে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কেবলমাত্র এই একবারই স্বাধীনতা সংগ্রাম করিনি। আমাদের তিনবার স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হয়েছে। আমাদের প্রথমে ব্রিটিশদের সঙ্গে স্বাধীনতার লড়াই করতে হয়েছে। পরে ১৯৪৭ সালেও একবার স্বাধীনতা সংগ্রাম করতে হয়েছিলো। সর্বশেষ ১৯৭১ সালে ৯ মাসে যুদ্ধ করে স্বাধীনতা পাই।’
তিনি বলেন, ‘আমাদের দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছরে পা দিলেও ১৯৭১ সালের স্বাধীনতার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। এজন্যই ২০২৪ সালে আবারও স্বাধীনতা অর্জনের জন্য রক্ত ঝড়াতে হয়েছে। কিন্তু, দুঃখের বিষয় হলো ২০২৪ সালের স্বাধীনতায় যে অঙ্গীকার দেওয়া হয়েছিল, সেটি থেকেও সরকার দল এখন দূরে সরে দাঁড়াতে চাচ্ছে। এখন তারা ৩৬০ ডিগ্রি উল্টো দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সব ভালো কাজে সরকারকে সহযোগিতা করবো। সব খারাপ কাজে বিরোধিতা করবো। কতবার এই জাতিকে রক্ত দিতে হবে? আমরা স্বাধীনতা প্রতিষ্ঠায় ততবার রক্ত দিতে প্রস্তুত রয়েছি।’











