বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবস্থাপনা ও সরবরাহের ঘাটতি সংকট বাড়াচ্ছে

news-image

সারাদেশে পাম্পে দীর্ঘ লাইন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাটের একটি পাম্পে এক কিলোমিটারের বেশি এলাকাজুড়ে তেলের জন্য লাইন। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে তোলা -সমকাল

হাসনাইন ইমতিয়াজ
গত বছরের এ সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে সরকার। কিন্তু গতকাল মঙ্গলবারও রাজধানী থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যন্ত পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যায়। অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল মেলেনি বলে অভিযোগ এসেছে। কোথাও সীমিত বিক্রি, কোথাও পাম্প পুরোপুরি বন্ধ ছিল। তেল না পাওয়ায় ভাঙচুর ও মারামারির ঘটনাও ঘটছে।

মাঠ পর্যায়ের তথ্য, ডিপোর বরাদ্দ তালিকা এবং সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, এই সংকট মূলত আমদানির ঘাটতির কারণে নয়; এর পেছনে রয়েছে পরিকল্পনাহীনতা, সমন্বয়হীনতা এবং দীর্ঘদিনের নীতিগত অব্যবস্থাপনা।

পেট্রোল পাম্প মালিক, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইরানে হামলার পর জ্বালানি তেলের সরবরাহে ঝুঁকি সৃষ্টি হওয়ায় আতঙ্কে বাংলাদেশে ক্রেতারা অতিরিক্ত তেল কেনা শুরু করেন। এ পরিস্থিতিতে সরকার ৬ মার্চ জ্বালানি তেল বিক্রিতে রেশনিং প্রথা চালু করে। এতে ভোগান্তি বেড়ে গেলে ১৫ মার্চ রেশনিং প্রথা তুলে নেওয়া হয়। কিন্তু সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি কমেনি। ঈদের টানা ছুটির কারণে সংকট আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেন, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই। সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমায়নি। তাই পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন ধরে তেল সংগ্রহের কোনো যৌক্তিকতা নেই।

অব্যবস্থাপনা ও সীমিত সরবরাহে সংকট
সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে পর্যাপ্ত সরবরাহ করার কথা বলা হলেও পাম্প মালিকদের দাবি, তেল সরবরাহের ক্ষেত্রে কোটা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। গত বছরের চাহিদাকে ভিত্তি করে তার চেয়ে কম সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, তেল বিতরণকারী কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে বর্তমানে ক্রেতার চাহিদা কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছে না। এতে পাম্পগুলোতে তীব্র চাপ তৈরি হয়েছে।

ঢাকা, রাজশাহী, বগুড়া, খুলনা এবং চট্টগ্রামের ১২ পাম্প মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা চাহিদার চেয়ে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত তেল কম পাচ্ছেন।
ডিপো পর্যায়ে যেসব তথ্য পাওয়া গেছে, তা সংকটকে আরও স্পষ্ট করে। নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোর বরাদ্দ তালিকায় দেখা গেছে, অধিকাংশ পাম্পকে তাদের ধারণক্ষমতা ও চাহিদার তুলনায় কম তেল দেওয়া হচ্ছে। তেজগাঁওয়ের একটি পাম্প প্রতিদিন ২৫ হাজার লিটার তেল বিক্রি করে, কিন্তু দেওয়া হয়েছে ৯ হাজার লিটার। এতে দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে; ক্রেতার লাইন দীর্ঘ হচ্ছে।

সীমিত সরবরাহের পাশাপাশি আছে ব্যাংকিং জটিলতা। ঈদের টানা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় পাম্প মালিকরা পে-অর্ডার করতে পারেননি। পে অর্ডার ছাড়া ডিপো থেকে তেল উত্তোলনের কোনো বিকল্প ব্যবস্থা নেই। আগে চেকের মাধ্যমে নেওয়ার বিষয়ে কিছুটা নমনীয়তা থাকলেও এখন সে পথ বন্ধ। পুরো সরবরাহ ব্যবস্থা ব্যাংকের ওপর নির্ভরশীল। ছুটির সময় সে ব্যবস্থা ভেঙে পড়ায় সংকট হয়েছে তীব্র।

বিপিসি ও জ্বালানি বিভাগের কেউ এসব বিষয়ে নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। বিপিসির এক মহাব্যবস্থপক এবং জ্বালানি বিভাগের এক যুগ্ম সচিব জানিয়েছেন, অতিরিক্ত কেনা ও মজুত ঠেকাতে সরবরাহ নিয়ন্ত্রণ জরুরি। কিন্তু খাতসংশ্লিষ্টদের মতে, বাস্তবে এই নিয়ন্ত্রণই উল্টো সংকটকে প্রকট করছে। কারণ চাহিদা যখন বেড়েছে, তখন সরবরাহ একই জায়গায় আটকে থাকলে ঘাটতি তৈরি হওয়া স্বাভাবিক।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, বেশির ভাগ পাম্পে তেল নেই। যে দু-একটি পাম্পে আছে, সেখানে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে। কারও চাহিদা দিনে ২০ হাজার লিটার হলে তাকে দেওয়া হচ্ছে ১০-১২ হাজার লিটার।

নাজমুল হক বলেন, গত বছরের চাহিদার সঙ্গে তুলনা করে তার চেয়ে কম তেল দেওয়া হচ্ছে। কিন্তু যানবাহনের সংখ্যা বেড়েছে। এতে তেলের চাহিদা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা থেকে চাহিদা বেড়েছে আরও ১০-১৫ শতাংশ। এই চাহিদা বৃদ্ধি আমলে নেয়নি কর্তৃপক্ষ।

নাজমুল হক জানান, ঈদের ছুটিতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে পে অর্ডার সংকট। ব্যাংক বন্ধ থাকায় পাম্প মালিকরা পে অর্ডার করতে পারেননি। পে অর্ডার ছাড়া ডিপো থেকে তেল তোলা সম্ভব না। তাই চাইলেও পাম্পে সরবরাহ বাড়ানো যায়নি।

চাহিদা বাড়লেও মজুত সক্ষমতা বাড়েনি
২০১৯-২০ অর্থবছরে তেলের ব্যবহার ছিল প্রায় ৫৫ লাখ টন। তা বেড়ে ২০২৩-২৪ সালে দাঁড়ায় ৬৭ লাখ টনের বেশি। আগামী পাঁচ বছরে তা এক কোটি টন ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু মজুত সক্ষমতা সে অনুপাতে বাড়েনি।

২০২০ সালে অন্তত ৬০ দিনের জ্বালানি তেল মজুতের সক্ষমতা গড়ে তোলার সিদ্ধান্ত হলেও বাস্তবে তা ৩০-৩৫ দিনের মধ্যে আটকে আছে। অথচ ভারতে ৭৪ দিন, থাইল্যান্ডে ৬১ দিন এবং জাপানে ২৫০ দিনের মজুত সক্ষমতা রয়েছে।

ব্যবস্থাপনায় অদক্ষতা
খাতসংশ্লিষ্টরা বলছেন, সংকটের শুরু থেকে জ্বালানি বিভাগ, বিপিসি ও বিপণন কোম্পানিগুলো জ্বালানি তেলের ব্যবস্থাপনায় অদক্ষতার পরিচয় দিয়েছে। অনেক দিন ধরেই ইরানে হামলা নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু তেলের পর্যাপ্ত মজুত গড়ে তোলার বিষয়ে কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। হামলা শুরুর পর হুট করে রেশনিং শুরু করে পরিস্থিতি জটিল করে তোলা হয়েছে। পরে রেশনিং তুলে নেওয়া হলেও পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না।

ছুটির দিন ডিপো চালু রাখার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে চাপে পড়ে সীমিত আকারে ডিপো খোলা রাখা হয়। সবচেয়ে বড় প্রশ্ন– এমন সংকটজনক মুহূর্তে গুরুত্বপূর্ণ এই খাতে কেন বিকল্প অর্থ প্রদানের ব্যবস্থা রাখা হয়নি? কেন দীর্ঘ ছুটির আগে কোনো জরুরি পরিকল্পনা নেওয়া হয়নি? সংশ্লিষ্টরা বলছেন, এটি পরিকল্পনার ব্যর্থতা।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এ সংকট হঠাৎ তৈরি হয়নি, বরং এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল। বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন মনে করেন, দেশের জ্বালানি তেল মজুত সক্ষমতা অত্যন্ত দুর্বল। ৩০-৩৫ দিনের মজুতকে কোনোভাবেই নিরাপদ বলা যায় না। এটি শুধু নিয়মিত ব্যবস্থাপনার জন্য যথেষ্ট, কিন্তু সংকট মোকাবিলার জন্য নয়। তাঁর মতে, বাংলাদেশের মতো দেশে অন্তত ৯০ দিনের মজুত থাকা উচিত।

একাধিক সূত্র বলছে, মজুত সক্ষমতা বাড়ানো বা সরবরাহ ব্যবস্থার উন্নয়ন না করে কর্তৃপক্ষ ব্যাংকে অর্থ জমা রেখে সুদ আয়ে বেশি আগ্রহী। বিপুল পরিমাণ লাভ ও কর্মচারীদের উচ্চ বোনাস এই খাতের কাঠামোগত দুর্বলতাকে আরও স্পষ্ট করে।

গত অর্থবছরে মেঘনা পেট্রোলিয়ামের প্রত্যেক কর্মী নিয়েছেন ১৮ লাখ টাকা, যমুনা অয়েল ১৩ লাখ ৫০ হাজার এবং পদ্মা অয়েলের স্টাফ নিয়েছেন ৬ লাখ টাকা বোনাস। এ ছাড়া চুল কাটার বিলসহ অর্ধশতাধিক খাতে সুযোগ-সুবিধা নিচ্ছেন তেল কোম্পানির কর্মীরা।

জ্বালানি বিশেষজ্ঞ ড. এম তামিম বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা অনেক আগেই স্পষ্ট ছিল। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কথা থাকলেও বাস্তবে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। বরং যুদ্ধের শুরুর দিকে কয়েক দিনে স্বাভাবিকের চেয়ে বেশি তেল বিক্রি করে মজুত দ্রুত কমিয়ে ফেলা হয়েছে। এটি পরিস্থিতিকে জটিল করেছে।

সারাদেশে ভোগান্তি
গাইবান্ধা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় তেলের অভাবে পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও গ্রাহকদের সঙ্গে পাম্পের কর্মীদের সংঘর্ষ, কোথাও সড়ক অবরোধ হয়েছে। অনেক চালক কয়েকটি পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না। কেউ কেউ বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে তেল কিনছেন। রাজধানীর পাম্পগুলোতে গতকাল গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।

রাজশাহীর মোট ৪৪টি ফিলিং স্টেশনের মধ্যে অর্ধেকের বেশি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। তাদের ভাষ্য, চালু থাকা স্টেশনগুলোতেও তেল নেই বললেই চলে। ফলে গ্রাহক হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের চালকরা ভোগান্তির কথা জানিয়েছেন। ঈদের আগের রাতে ঠাকুরগাঁওয়ের হানিফ ফিলিং স্টেশনে ভবনের কাচ ভাঙচুর করেছেন তারা। কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, সিন্ডিকেট করে খুচরা পাইকারদের তেল দেওয়া হচ্ছে। তারা তা প্রতি লিটার ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছে।

কৃষকের দুর্ভোগ
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জে আম ও বোরো চাষে তেল সংকট সরাসরি আঘাত হেনেছে। আম বাগানে বালাইনাশক স্প্রে করতে প্রতিদিন যেখানে ১০-১২ লিটার তেল দরকার, সেখানে চাষিরা পাচ্ছেন চার-পাঁচ লিটার। ফলে সময়মতো স্প্রে করা যাচ্ছে না। এতে মুকুল ও গুটি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বোরো ধান চাষেও একই অবস্থা। অনেক এলাকায় সেচের জন্য ডিজেলচালিত শ্যালো মেশিনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু পাম্পে গিয়ে কৃষকরা পাচ্ছেন এক-দুই লিটার করে তেল, যা দিয়ে কোনোভাবেই সেচ চালানো সম্ভব নয়। এতে জমিতে পানির ঘাটতি তৈরি হচ্ছে। ফলন কমে যাওয়ার আশঙ্কা বাড়ছে। কৃষকদের কেউ কেউ বিকল্প হিসেবে ব্যাটারিচালিত যন্ত্র ব্যবহার শুরু করেছেন। কিন্তু এতে খরচ বেশি, কাজের গতি কম এবং সর্বক্ষেত্রে কার্যকর নয়। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। এই সংকটের সামাজিক প্রভাবও বাড়ছে। পরিবহন খাতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে; পণ্য পরিবহন ব্যাহত; ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে কালোবাজারি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগও বাড়ছে।

(তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)

 

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের রায় মেনে নিন: অলি আহমদ

ইরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা

কুমিল্লায় রেল-বাস সংঘর্ষে ১২ নিহত: প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার

স্বাধীনতা দিবস দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

রাজধানীতে হঠাৎ বজ্রসহ শিলাবৃষ্টি

জুলাই সনদ মেনে না নিলে হাদি-ফেলানী-আবরার ফাহাদ হত্যা বিফলে হবে

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

দেশ ঘুরে দাঁড়ালেও, সংকট কাটেনি: জামায়াত আমির

মব তৈরি করতে দেব না, কঠোর হস্তে দমন করা হবে: মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

‘নবীন ফ্যাশন’ খুলে দেওয়া নির্দেশ, হাতিরঝিল থানার ওসিকে তলব

স্পট মার্কেট থেকে আরও দুই কার্গো এলএনজি কিনছে বাংলাদেশ