রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার বৈরী দুই প্রতিবেশি দেশের মাঝে দীর্ঘদিন ধরে চলা ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার (১৪ মার্চ) রাতে সীমান্ত লাগোয়া আফগান ভূখণ্ডে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। রোববার (১৫ মার্চ) কাতারভিত্তিক বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, আফগানিস্তানে সামরিক স্থাপনা এবং ‘সন্ত্রাসী’দের আস্তানাকে নিশানা বানিয়ে বিমান হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

রোববার পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, সেনাবাহিনী দক্ষিণ কান্দাহার প্রদেশে “কার্যকরভাবে” প্রযুক্তিগত সহায়তা অবকাঠামো এবং একটি সরঞ্জাম সংরক্ষণাগার ধ্বংস করেছে, যা “আফগান তালেবান এবং সন্ত্রাসীরা নিরীহ পাকিস্তানি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে” ব্যবহার করছিল।

এ ছাড়া পৃথক হামলায় পাকিস্তানি বাহিনী কান্দাহারে একটি সুড়ঙ্গে আঘাত হানে। ওই সুরঙ্গে আফগান তালেবান ও তাদের অনুসারী নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রযুক্তিগত সরঞ্জাম ছিল বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের প্রধান নিরাপত্তা উদ্বেগের সমাধান না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

কান্দাহারের স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, তারা শহরের ওপর দিয়ে জেট বিমান উড়তে দেখেছেন এবং রাতে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। পাশাপাশি কান্দাহারের দক্ষিণ-পূর্বে স্পিন বোলদাকে বিমান হামলার শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। অন্যদিকে পূর্ব সীমান্তবর্তী খোস্ত প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে সংঘর্ষ হয়েছে।

এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেছেন, পাকিস্তানি হামলায় কান্দাহারে একটি মাদক পুনর্বাসন কেন্দ্র এবং একটি খালি কন্টেইনারের কিছু অংশ ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ‘পাকিস্তানি সামরিক বাহিনী যে জায়গাগুলোতে হামলার কথা বলছে, সেগুলো এই দুটি জায়গা থেকে অনেক দূরে।’

শুক্রবার রাতে পাকিস্তানের তিনটি স্থানে আফগানিস্তানের ড্রোন হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি কাবুলকে সতর্ক করে দেওয়ার পর এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘আমাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করে তারা রেড লাইন অতিক্রম করেছে।’

তবে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনগুলো তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। যদিও এগুলোর ধ্বংসাবশেষ পড়ে কোয়েটায় দুই শিশু এবং কোহাট ও রাওয়ালপিন্ডিতে বেসামরিক লোক আহত হয়েছে। সেখানে পাকিস্তানি সামরিক সদর দপ্তর রয়েছে।

ইসলামাবাদ বলেছে, কান্দাহারের এই স্থাপনাটি ড্রোন হামলা চালানোর জন্য এবং সীমান্তবর্তী বিদ্রোহী কার্যকলাপের ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে যখন পাকিস্তান আফগান মাটিতে আশ্রয় নেওয়া পাকিস্তানি তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তখন থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে সর্বশেষ গুলি বিনিময়টি এখন পর্যন্ত সবচেয়ে তীব্রতর উত্তেজনার লক্ষণ।

ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর খোরাসান প্রদেশের সহযোগী যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগও করেছে। তালেবান সরকার উভয় অভিযোগই অস্বীকার করেছে।

কয়েক সপ্তাহ ধরে দুই দেশের হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের প্রায় ৯৯ জন নিহত হয়েছেন। যার মধ্যে পাকিস্তানের ১৩ জন সেনা ও একজন বেসামরিক নাগরিক এবং আফগানিস্তানের ১৩ জন সেনা ও ৭২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুসারে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে আফগানিস্তানে ১৮৫ জন বেসামরিক লোকের হতাহতের খবর পাওয়া গেছে। যার মধ্যে ৫৬ জন গুলি ও বিমান হামলায় মারা গেছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ তীব্র হওয়ার মাত্র দুই দিন পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এর কারণে বৃহত্তর অঞ্চলটি এখনও ডুবে আছে। এই সংকট আরও তীব্র হচ্ছে।

এদিকে, আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়েছে ভারত। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নিন্দা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানের মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ভারতের সক্রিয় সমর্থন এবং মদ দেওয়ার কথা সবার জানা আছে। তাই আফগানিস্তানে তার সন্ত্রাসী ফ্র্যাঞ্চাইজি ধ্বংসের কারণে ভারত হতাশ, সেটা বোঝা যাচ্ছে।

শনিবার ভারত আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার নিন্দা জানিয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে “সম্পূর্ণ সম্মান করা উচিত” বলে পুনর্ব্যক্ত করেছে।

 

এ জাতীয় আরও খবর

আত্মসমর্পণের আবেদন করে পালিয়ে গেলেন ঢাবি ছাত্র অনিক ‎

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা

জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

বিএনপি গণভোটের রায় মানে কি না, স্পষ্ট করতে বললেন হাসনাত

‘আমি এনগেজড, এই প্রথম কথাটা বললাম’

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

ফয়সালকে সহায়তাকারী সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

সংসদে উত্তাপ ছড়াতে পারে সংবিধান সংস্কার পরিষদ

চার জেলায় ঝড়ের আভাস, হুঁশিয়ারি সংকেত

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত